পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলার আয় করে নতুন ইতিহাস গড়েছে। এর মাধ্যমে এটি বিশ্বের প্রথম জীবনীভিত্তিক (বায়োপিক) চলচ্চিত্র, যা এক বিলিয়ন ডলারের আয়ের মাইলফলক স্পর্শ করল।
বাণিজ্যিক তথ্য অনুযায়ী, ছবিটি আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ৬২৯ দশমিক ৮ মিলিয়ন ডলার এবং উত্তর আমেরিকা থেকে ৩৭১ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ১ দশমিক ০০১ বিলিয়ন ডলারে।
এপ্রিল মাসে মুক্তির পর থেকেই ছবিটি ধারাবাহিকভাবে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে উত্তর আমেরিকায় ৯৭ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে এটি। এর ফলে ২০১৫ সালের Straight Outta Compton-এর উদ্বোধনী আয়ের রেকর্ডও পেছনে ফেলে দেয়।
এর পাশাপাশি Bohemian Rhapsody-এর ৯১১ মিলিয়ন ডলারের আয় অতিক্রম করে ‘মাইকেল’ এখন সর্বাধিক আয় করা মিউজিক্যাল বায়োপিক। একই সঙ্গে Oppenheimer-এর ৯৭৫ মিলিয়ন ডলারের বৈশ্বিক আয় ছাড়িয়ে এটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিকের স্বীকৃতিও পেয়েছে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অঁতোয়ান ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের শৈশব, জ্যাকসন ফাইভের সঙ্গে তাঁর সংগীতজীবনের শুরু এবং পরবর্তী সময়ে ‘কিং অব পপ’ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। মাইকেলের ভাতিজা জাফার জ্যাকসন এই ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। এছাড়া কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং অভিনয় করেছেন তাঁর বাবা-মায়ের চরিত্রে।
ছবিটি প্রযোজনা করেছে লায়ন্সগেট। উত্তর আমেরিকায় পরিবেশনার দায়িত্বও ছিল প্রতিষ্ঠানটির, আর আন্তর্জাতিক বাজারে ছবিটি বিতরণ করেছে ইউনিভার্সাল পিকচার্স। পরিচালকের ভাষায়, এই সাফল্য শুধু একটি সিনেমার অর্জন নয়; এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের উত্তরাধিকারকে সম্মান জানানোরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
শিরোনাম :
বিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়ল ‘মাইকেল’
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৩:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- 12
ট্যাগস
Antoine Fuqua Jaafar Jackson Lionsgate Michael Jackson Michael movie এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়ল ‘মাইকেল’ বক্স অফিস বায়োপিক মাইকেল মাইকেল জ্যাকসন হলিউড
জনপ্রিয় সংবাদ





















