সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে উল্লাপাড়া থেকে কাশিনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মনিরামপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়।
শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার হাতে তাঁরা একসঙ্গে দাঁড়িয়ে রেললাইন স্থাপনের দাবি জানান।
আয়োজকদের মতে, প্রস্তাবিত এ রেলপথ বাস্তবায়িত হলে শাহজাদপুর ও আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে দূরপাল্লার যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াও সহজ হবে।
স্থানীয়দের প্রত্যাশা, শাহজাদপুর রেল যোগাযোগের আওতায় এলে শুধু যাতায়াতের উন্নতিই হবে না। ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনার পথ খুলবে। পাশাপাশি আশপাশের এলাকার মানুষের চলাচলের সুযোগ বাড়বে এবং বিভিন্ন অঞ্চলের সঙ্গে সংযোগ আরও সহজ হবে।
এ অঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ-সীমাবদ্ধতা দূর করতে প্রস্তাবিত রেললাইনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি জানান আয়োজকরা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং জনস্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
মানববন্ধনের মধ্য দিয়ে উল্লাপাড়া-শাহজাদপুর-কাশিনাথপুর রেললাইনের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। একই সঙ্গে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 
























