বিশ্বখ্যাত হলিউড অভিনেতা স্যাম নিল আর নেই। ‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা সোমবার অস্ট্রেলিয়ায় ৭৮ বছর বয়সে মারা গেছেন। পরিবারের দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মৃত্যুর নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, স্যাম নিলের মৃত্যু ছিল সম্পূর্ণ হঠাৎ এবং অপ্রত্যাশিত। জীবনের শেষ মুহূর্তে তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন। তাদের দাবি, শেষ সময়েও তিনি ছিলেন শান্ত ও মর্যাদাপূর্ণ।
২০২৩ সালে প্রকাশিত আত্মজীবনীতে স্যাম নিল জানিয়েছিলেন, তিনি তৃতীয় পর্যায়ের নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় তিনি মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথাও লিখেছিলেন। তবে পরবর্তীতে আধুনিক জিনভিত্তিক ইমিউন থেরাপির মাধ্যমে ক্যান্সারমুক্ত হন। পরিবারের দাবি, মৃত্যুর সময় তার শরীরে ক্যান্সারের কোনো লক্ষণ ছিল না।
জানা গেছে, মৃত্যুর আগে তিনি অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবার বা চিকিৎসকদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১৯৭০-এর দশকে অভিনয়জীবন শুরু করা নিউজিল্যান্ডের এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘জুরাসিক পার্ক’ ছাড়াও ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘দ্য পিয়ানো’ এবং ‘পিকি ব্লাইন্ডার্স’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
অভিনয়ের বাইরে প্রকৃতিপ্রেমী স্যাম নিল নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে নিজস্ব আঙুরের বাগান পরিচালনা করতেন। তার মৃত্যুতে হলিউডসহ বিশ্বজুড়ে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রুপালি পর্দায় তার স্মরণীয় অভিনয় আগামী দিনেও দর্শকদের মনে অম্লান হয়ে থাকবে।
চলমান বার্তা ডেস্ক : 



















