নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নেত্রকোনা পৌর শহরের বলাইনগুয়া মীরবাড়ি রোড এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নেন সাদিয়া। মঙ্গলবার বিকেলে শহরের কুড়পাড় এলাকায় আরও একজনের কাছ থেকে টাকা নিতে গেলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।
এ ঘটনায় বুধবার সকালে বলাইনগুয়া চেয়ারম্যানবাড়ি এলাকার বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। প্রিয়া আক্তারের ভাষ্য, সাদিয়া প্রথমে তাঁদের পাঁচজনের কাছে পাঁচ হাজার টাকা করে চেয়েছিলেন, পরে তিন হাজার টাকা করে নেন। মঙ্গলবার আরও দুই হাজার টাকা দাবি করে পরদিনই কার্ড হাতে পাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এরপর আরও কয়েকজনের কাছে টাকা চাইতে গিয়েই স্থানীয়দের হাতে ধরা পড়েন সাদিয়া।
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস বলেন, সদর উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তাঁকে পুলিশে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন এনসিপির জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান। তাঁর ভাষ্য, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, সাদিয়া পরিকল্পিত ষড়যন্ত্রের শিকারও হতে পারেন। তবে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে সাদিয়া কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হবে।
নিজস্ব প্রতিবেদক 



















