বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৯ মে থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
পরিবহন শ্রমিক নেতারা জানিয়েছেন, আগামী ১৮ মে’র মধ্যে মামলা প্রত্যাহার না হলে ১৯ মে মঙ্গলবার ভোর ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হবে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, গত ২৭ এপ্রিল সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত দুই শ্রমিক পরে মারা যান।
এ ঘটনায় নিহত শ্রমিক ছাবলু মিয়ার বাবা গত ৫ মে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
এই মামলাকে “হয়রানিমূলক” উল্লেখ করে শ্রমিক নেতারা এর প্রত্যাহার দাবি জানান। সভায় নেতারা বলেন, ঘটনার সময় অভিযুক্ত নেতারা নাজিরবাজারে শ্রমিক সংগঠনের নির্বাচন পরিচালনায় ব্যস্ত ছিলেন এবং পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। নিরপরাধ শ্রমিক নেতাদের আসামি করায় শ্রমিক সমাজ ক্ষুব্ধ বলেও দাবি করেন তারা।
সভায় বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, পরিবহন শ্রমিকদের ঐক্য নষ্টের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভা থেকে ১৯ মে থেকে শুরু হওয়া কর্মবিরতি সফল করতে সকল পরিবহন শ্রমিকের প্রতি আহ্বান জানানো হয়।
হুমায়ূন রশিদ, সিলেট প্রতিনিধি 
















