উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা নতুন করে দেখার পর ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল বদলে গেছে। পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের মধ্যে এই সংখ্যা ১১ দশমিক ৪৫ শতাংশ। সোমবার বিকেল ৩টায় প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির হিসাব অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। তাঁরা সব মিলিয়ে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র আবার দেখার আবেদন জানান। সেই আবেদনের ফলেই ৩৩ হাজার ৩৪৯ জনের ফলে পরিবর্তন এসেছে।
বোর্ডভিত্তিক চিত্র
পরিবর্তনের সংখ্যায় সবচেয়ে এগিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। সেখানে ৮ হাজার ৩৩৯ জন শিক্ষার্থীর ফল বদলেছে। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বোর্ডে এই সংখ্যা ৫ হাজার ৮৫৩। এরপর রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, যেখানে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে, আর কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের।
বাকি বোর্ডগুলোর মধ্যে বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন এবং চট্টগ্রামে ২ হাজার ৪৩ জনের ফল বদলেছে। যশোর বোর্ডে এই সংখ্যা ১ হাজার ৯০৯, সিলেটে ১ হাজার ৩৫৩ ও মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮। সবচেয়ে কম পরিবর্তন রাজশাহী বোর্ডে, ৭৭৯ জন।
চলমান বার্তা ডেস্ক : 



















