রাজধানী ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহণ খাতের বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার উপায় নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজে। সেখানে আলোচনা হয় ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং নগরীর গণপরিবহণ ব্যবস্থায় বিদ্যমান বিশৃঙ্খলা দূর করার নানা বিষয় নিয়ে।
বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ ছাড়া ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আলোচনার বিষয়বস্তুর বাইরে বৈঠকের কোনো সিদ্ধান্ত বা নির্দেশনার কথা উল্লেখ করা হয়নি।
এস কে চন্দন, ঢাকা 




















