রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন মিলেছে। এর ফলে আগামী ডিসেম্বরেই বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা।
কেন্দ্রটির সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি (বায়রা) এই অনুমোদন নিশ্চিত করেছে।
সূত্রের ভাষ্য অনুযায়ী, দেশের প্রথম এবং সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হিসেবে পরিচিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন মূল বিদ্যুৎ উৎপাদনের শেষ প্রস্তুতির ধাপে রয়েছে।
প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমের অংশ হিসেবে প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিওআরভি/পিওএসভি) ১৬ মেগাপাসকেল চাপের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। এরপর ১৮ মেগাপাসকেল চাপের নিরাপত্তা-সংক্রান্ত পরীক্ষাতেও সফল ফল পাওয়া গেছে।
এর মধ্যে গত শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানির প্রথম চালান সফলভাবে পৌঁছেছে।
সূত্র জানায়, বায়রার অনুমোদন পাওয়ায় প্রথম ইউনিটের রিয়্যাক্টরে জ্বালানি লোড করা এবং বিদ্যুৎ উৎপাদনের মহড়া শুরু করতে আর কোনো প্রশাসনিক বাধা রইল না।
চলমান বার্তা ডেস্ক : 



















