প্রেমিকার চুলের ধরন আর পোশাক নিয়ে একসময় আপত্তি জানাতেন বলিউড তারকা শাহরুখ খান। সেই অতিরিক্ত অধিকারবোধে বিরক্ত হয়ে সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছিলেন গৌরী খান।
শাহরুখ ও গৌরীর প্রেমের গল্প বহুদিনের পুরোনো। তবে শুরুর দিনগুলো একেবারে মসৃণ ছিল না। প্রেমিকার সাজপোশাক নিয়ে শাহরুখের নিয়ন্ত্রণমূলক মনোভাব তাঁদের সম্পর্কে বড় সংকট তৈরি করেছিল।
নিজের সেই আচরণের কথা পরে নিজেই স্বীকার করেছেন শাহরুখ। টেলিভিশন অনুষ্ঠান ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল’-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি খুব অধিকারবোধে ভুগতাম। গৌরীকে স্পষ্ট বলেছিলাম, তুমি যদি আমার প্রেমিকা হও, তাহলে চুল খোলা রাখতে পারবে না, সাদা শার্টও পরতে পারবে না।”
এমন আচরণে স্বাভাবিকভাবেই বিরক্ত হন গৌরী। তাঁর মতে, শাহরুখের তখনকার ভাবনা ঠিক ছিল না। একপর্যায়ে তিনি জানিয়ে দেন, এ ধরনের আচরণ আর মেনে নেওয়া সম্ভব নয়। সেই সময়ের কথা স্মরণ করে গৌরী বলেছিলেন, “ওর আচরণ ছিল জঘন্য ও অসুস্থ মানসিকতার পরিচয়। তাকে এটা শিখতে হয়েছিল। কারণ আমি বলেছিলাম, ঠিক আছে, বিদায়। তোমার সঙ্গে আর কখনো দেখা করব না।”
গৌরীর এই কঠোর অবস্থান শাহরুখকে নিজের আচরণ নিয়ে ভাবতে বাধ্য করে। শেষ পর্যন্ত কঠিন সেই সময় বিচ্ছেদে গড়ায়নি। নানা চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গেই পথ চলেছেন তাঁরা।
দুজনের প্রথম দেখা ১৯৮৪ সালে, দিল্লিতে এক বন্ধুর আয়োজিত পার্টিতে। তখন শাহরুখের বয়স ১৮, গৌরীর ১৪। শুরুতে গৌরীর সামনে বেশ লাজুক ছিলেন শাহরুখ। ধীরে ধীরে পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়, গড়ে ওঠে প্রেম। শোনা যায়, প্রেমের সময়ে একাধিকবার মনোমালিন্য ও বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সব বাধা পেরিয়ে ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা।
বিনোদন ডেস্ক : 






















