শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ছুটির হিসাব মেলাতে ১৭ অক্টোবর, শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২০ থেকে ২২ অক্টোবর, অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে ১৭ অক্টোবর, শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখতে বলা হয়েছে।
ছুটির বাইরে যারা
প্রজ্ঞাপনে স্পষ্ট করে জানানো হয়েছে, কিছু জরুরি সেবা এই ছুটির আওতায় পড়বে না। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস এবং বন্দরের কার্যক্রম। পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবাও এর অন্তর্ভুক্ত। এসব সেবার সঙ্গে যুক্ত যানবাহন ও কর্মীরাও ছুটি পাবেন না।
একইভাবে হাসপাতাল ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা ছুটির বাইরে থাকবেন। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, আর ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
ব্যাংক ও আদালতের ক্ষেত্রে
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম কেমন থাকবে, সে বিষয়ে নির্দেশনা দেবেন মহামান্য সুপ্রিম কোর্ট।
বেসরকারি খাতে ছুটি
বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাধারণ ছুটির বিষয়টি দেখবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী মন্ত্রণালয়টি এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
নিজস্ব প্রতিবেদক 




















