সচিবালয়ের নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক তিনি নিজে যাচাই করেন। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানিয়েছেন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। সেগুলো একে একে চালিয়ে তিনি মান ও ব্যবহারের উপযোগিতা পরখ করে দেখেন।
এই উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
সংশ্লিষ্টদের ভাষ্য, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের লক্ষ্য।
বাইসাইকেল পরখের সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক। এ ছাড়া সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাও সেখানে ছিলেন।
সূত্র: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের বক্তব্য
চলমান বার্তা ডেস্ক : 




















