পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রোববার (১ নভেম্বর) সকালে সচিবালয়ে তিনি এ ঘোষণা দেন।
এর আগে গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সেই বৈঠক শেষেই তিনি জানিয়েছিলেন, রোববার মজুরি বোর্ড গঠন করা হবে।
মন্ত্রী জানান, নতুন মজুরি বোর্ড গঠন ছিল শ্রমিকদের অন্যতম প্রধান দাবি। এ বিষয়ে সরকার এবং মালিকদের দুই সংগঠন একমত হয়েছে। শ্রমিক প্রতিনিধিরাও তাঁদের মনোনীত সদস্যদের নাম জমা দিয়েছেন। তিনি আরও জানান, আজকের মধ্যেই বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হবে।
এদিকে তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগের দাবিতে আন্দোলন করছেন শ্রমিকেরা।
আজ রোববারও রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। মিরপুরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
গতকাল শনিবারও মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেন ও সড়ক অবরোধ করেন। বিভিন্ন কারখানা ও মার্কেটে ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন।
নিজস্ব প্রতিবেদক 











