ইরানের সম্ভাব্য হামলার খবরের মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত দ্বিতীয় একটি ঘাঁটি থেকে বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে তা উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের আরএএফ মিলডেনহল ঘাঁটিতে থাকা মার্কিন বিমান বাহিনীর দুটি রিফুয়েলিং ট্যাংকার বিমান হঠাৎ গতিপথ বদলে জার্মানিতে অবতরণ করে। পরে ওই ঘাঁটির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যাংকার বিমান সরানো হয়। বিমানগুলো সাময়িকভাবে জার্মানি ও ইউরোপের অন্যান্য মার্কিন ঘাঁটিতে রাখা হয়েছে।
এর কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্যে মার্কিন বিমান বাহিনীর আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে নিরাপত্তা হুমকির খবর সামনে আসে। তখন সেখান থেকে দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নিতে হয়েছিল।
ঘটনাটি নিয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সরাসরি কিছু বলেননি। তিনি জানান, অন্য দেশের সামরিক কার্যক্রম বা গোপন নিরাপত্তা বিষয়ে যুক্তরাজ্য সাধারণত মন্তব্য করে না। তবে কৌশলগত প্রয়োজনে বিভিন্ন ঘাঁটিতে বিমান ও সামরিক সরঞ্জাম নিয়মিত স্থানান্তর করা হয়।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে এ পদক্ষেপ দেখা যাচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান ও তার মিত্রদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকি এড়াতেই সতর্কতা হিসেবে বিমানগুলো সরানো হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক : 



















