অভিনেত্রী মেঘলা মুক্তার অসুস্থ বাবা নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) রাত থেকে তার কোনো খোঁজ মিলছে না। ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান মেঘলা।
তার বর্ণনা অনুযায়ী, সোমবার রাত আনুমানিক ৮টায় রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হন তার বাবা। রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ তার সঙ্গে কথা হয়। এরপর থেকে বাবার মুঠোফোন বন্ধ রয়েছে।
মেঘলা জানান, উত্তরখানে তাদের একটি জায়গায় নির্মাণকাজ চলছে। সেই কাজ দেখভালের জন্যই সেখানে গিয়েছিলেন তার বাবা। সেখান থেকে বসুন্ধরার বাসায় ফেরার পথে রওনা হলেও তিনি আর বাসায় পৌঁছাননি।
ফেসবুক পোস্টে মেঘলা লেখেন, তার বাবা ভীষণ অসুস্থ এবং তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার অত্যন্ত চিন্তিত। উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল পর্যন্ত বাবার কোনো খোঁজ না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান অভিনেত্রী।
পোস্টে তিনি সবার কাছে সহযোগিতা চেয়েছেন। কেউ তার বাবাকে কোথাও দেখে থাকলে, সন্ধান পেলে বা সামান্য কোনো তথ্য জানলে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি। মেঘলার ভাষ্য, একটি তথ্য বা সামান্য সহযোগিতাও বাবাকে খুঁজে পেতে বড় ভূমিকা রাখতে পারে।
প্রেক্ষাপট
মেঘলা নিজেও গত কয়েক মাস ধরে শারীরিক ও আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। গত ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর বেশ কিছুদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়। কিছুটা সুস্থ হয়ে ওই ঘটনার বিচার চেয়ে আইনি পদক্ষেপ নেন তিনি। তবে সেই উদ্যোগে প্রত্যাশিত ফল পাননি বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী।
শিরোনাম :
মেঘলা মুক্তার বাবা নিখোঁজ, উদ্ধারের আকুল আবেদন
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১২:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- 2
জনপ্রিয় সংবাদ

























