জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব ও সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারও।
আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর বাইরে সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
তিন দিনের সফর শেষে শুক্রবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















