নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ জন শিক্ষার্থী। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার দিবাগত রাত দুইটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় আগুন লাগে। সেখানে মাদ্রাসার লাইব্রেরি ও অফিসকক্ষ ছিল। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রায় চার হাজার বর্গফুটের ওই দুই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে লাইব্রেরির বইপত্র পুড়ে গেছে।
কাঁচপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, ভর্তি হওয়া কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার চিহ্ন নেই। সবারই শ্বাসনালিতে সমস্যা দেখা গেছে। ধোঁয়াই এর কারণ বলে ধারণা করা হচ্ছে। তবে সবার শ্বাসনালি সমান ক্ষতিগ্রস্ত নয়। তাই কয়েকজনকে ছেড়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে তিনি জানান।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের বরাতে চিকিৎসক জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে ভবনের নানা জায়গায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। তখন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাঁরা হুড়োহুড়ি করে বেরিয়ে আসার চেষ্টা করেন। ফায়ার ফাইটার পার্থ হালদার জানান, ঘুমন্ত অবস্থায় থাকা কয়েকজন শিক্ষার্থী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
আগুনের কারণ নিয়ে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলছে। পার্থ হালদারের ভাষ্য, তদন্তের পরই আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে অসুস্থ শিক্ষার্থীদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।
চলমান বার্তা ডেস্ক : 



















