রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য-সমাপ্ত নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। দেশটির জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে এ তথ্য জানা গেছে।
৪৫০ আসনবিশিষ্ট স্টেট দুমার মধ্যে ৩৫০টি আসনেই জয়ী হয়েছেন ইউনাইটেড রাশিয়ার প্রার্থীরা। গত ১৮ থেকে ২০ সেপ্টেম্বর, টানা তিন দিন ধরে চলে এই নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন। ফলাফল অনুযায়ী, মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোটদানে অংশ নিয়েছেন, আর গণনাকৃত ভোটের প্রায় ৫৮ শতাংশ পেয়েছে ইউনাইটেড রাশিয়া।
২০০১ সালে প্রথম জয়ের পর থেকে টানা ২৫ বছর ধরে স্টেট দুমা শাসন করে আসছে পুতিনের এই দল। প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত হয় দুমার নির্বাচন, এবং গত আড়াই দশকে অনুষ্ঠিত চারটি নির্বাচনেই জয়ী হয়েছে ইউনাইটেড রাশিয়া। তবে এত বিপুল ব্যবধানে ও এত বেশি ভোট পেয়ে জয়ের ঘটনা এই প্রথম।
উল্লেখযোগ্য বিষয় হলো, দুমার সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালে, আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। সেই হিসাবে যুদ্ধ চলমান থাকা অবস্থায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুমা নির্বাচন।
আল-জাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কো বলেন, “এই ফলাফল এবং প্রায় ৬০ শতাংশ ভোটারের অংশগ্রহণকে মস্কো সম্ভবত সরকারের কর্মকাণ্ডের—বিশেষত ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতি জনসমর্থন হিসেবেই তুলে ধরবে।”
জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারপারসন এল্লা পামফিলোভা জানান, ইউনাইটেড রাশিয়ার পরই দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ান কমিউনিস্ট পার্টি, যারা ১৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ৪০টি আসনে জয়ী হয়েছে। এ ছাড়া জাতীয়তাবাদী দল এলডিপিআর পেয়েছে ২৫টি আসন এবং নিউ পিপল পার্টি পেয়েছে ২০টি আসন। যুদ্ধের প্রত্যক্ষ বিরোধী দল ইয়াবোলোকোও এবারের নির্বাচনে অংশ নিলেও কোনো আসনে জয় পায়নি।
ফলাফলে খুব একটা বিস্মিত হননি সাধারণ রুশ নাগরিকরা। মস্কোর বাসিন্দা তাতিয়ানা আল-জাজিরাকে বলেন, “সকালে টেলিভিশন খুলে দেখলাম ইউনাইটেড রাশিয়া জিততে চলেছে। আমি অবাক হইনি, মনে হয় রাশিয়ার কেউই হননি।” পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, “আমরা সবাই জানি মূল সংকট কোথায়—ইউক্রেনে চলমান সংঘাত। সুযোগ থাকলে শান্তিপূর্ণ উপায়ে যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান চাই।”
আন্তর্জাতিক ডেস্ক : 



















