ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তির ত্রিশ বছর পূর্ণ হচ্ছে ১২ ডিসেম্বর, আর সেদিনই শেষ হচ্ছে এর মেয়াদ। কিন্তু নবায়ন নিয়ে দুই দেশের আলোচনায় এখনো কোনো অগ্রগতি নেই। ভারত সরকার চুক্তিটি আর নবায়ন না করার পরিকল্পনা করছে বলে বিভিন্ন সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে। তবে বিষয়টি সম্পর্কে অবহিত কর্মকর্তারা বলছেন, আপাতত বিদ্যমান শর্তেই পানি বণ্টন চলবে এবং মেয়াদ শেষের পরও বাংলাদেশ আগের মতোই সমপরিমাণ পানি পাবে।
চুক্তির পটভূমি
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত এই চুক্তিতে বিশেষ করে শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজকে কেন্দ্র করে পানি বণ্টনের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। বর্তমান ব্যবস্থায় ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে দুই দেশ পর্যায়ক্রমে দশ দিন করে ৩৫ হাজার কিউসেক পানি পায়। চুক্তি অনুযায়ী ত্রিশ বছর পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে তা নবায়নের কথা।
ভারত কেন নতুন করে আলোচনা চায়
সূত্রগুলো জানিয়েছে, নিজেদের উন্নয়ন-উদ্যোগের প্রয়োজনে আরও বেশি পানি পেতে কেন্দ্রীয় সরকার চুক্তির শর্ত নিয়ে ফের আলোচনা করতে চায়। এর মধ্যে রয়েছে কলকাতা বন্দরের কার্যক্রম সচল রাখা, এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের পানির চাহিদা মেটানো এবং সুন্দরবনসহ বিভিন্ন অঞ্চলের লবণাক্ততা মোকাবিলা। কলকাতা বন্দরের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে ভারতের ৪০ হাজার কিউসেক পানি দরকার বলে জানানো হয়েছে।
গত মাসে কেন্দ্রীয় পানি কমিশন (সেন্ট্রাল ওয়াটার কমিশন) এ বিষয়ে কারিগরি বিবরণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করে। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের কর্মকর্তারাও ছিলেন। তাঁদের অভিযোগ, চুক্তির কারণে তাঁদের রাজ্যের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমকে একজন কর্মকর্তা বলেন, চুক্তি সম্পর্কিত সব কারিগরি তথ্য ও উপস্থাপনা চাওয়া হয়েছিল, বিশেষ করে শুষ্ক মৌসুমে ভারত কীভাবে আরও বেশি পানি পেতে পারে, সে বিষয়ে। তিনি আরও বলেন, কলকাতা বন্দর থেকে পলি সরাতে শুষ্ক মৌসুমে অন্তত ৫ হাজার কিউসেক অতিরিক্ত পানি প্রয়োজন। সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন কৃষিজমিতে লবণাক্ত পানির প্রবেশ ঠেকাতেও এই পানি দরকার।
রাজনৈতিক টানাপোড়েনের ছায়া
বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক টানাপোড়েনের দিকে ইঙ্গিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সদিচ্ছা নিয়ে কোনো চুক্তি স্বাক্ষরিত হলে সেই বিশ্বাস ধরে রাখতে ভাটির দেশের উচিত উজানের দেশের প্রতি যথাযথ সম্মান দেখানো।
এর আগে পশ্চিমবঙ্গে তিস্তা ব্যারাজ প্রকল্পের পুনরুদ্ধার ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা পর্যালোচনায় ভারত একটি প্যানেল গঠন করেছে। তিস্তা নিয়ে বাংলাদেশের পরিকল্পনায় চীনের ক্রমবর্ধমান সম্পৃক্ততার মধ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত থেকে প্রায় ৫৪টি আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব নদী ব্যবস্থাপনায় একাধিক চুক্তি প্রয়োজন।
এস কে চন্দন, ঢাকা 



















