দীর্ঘ সাত বছরের দূরত্ব পেরিয়ে আবারও একসঙ্গে জীবন শুরু করেছেন দক্ষিণী চলচ্চিত্রের দুই পরিচিত মুখ, অভিনেতা রঞ্জিত ও অভিনেত্রী প্রিয়া রমন। প্রায় ১৬ বছরের দাম্পত্য শেষে আলাদা হয়েছিলেন তারা। পরে রঞ্জিতের দ্বিতীয় সংসার ভাঙে, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই কঠিন সময়ে পাশে দাঁড়ান প্রিয়া। করোনাভাইরাস মহামারির সময় তারা নীরবে আবার বিয়ে করেন।
একই বছরে শুরু, আলাদা পথচলা
১৯৯৩ সালেই রুপালি পর্দায় যাত্রা শুরু হয় দুজনের। রঞ্জিতের অভিনয়জীবনের শুরু তামিল সিনেমা ‘পোন ভিলাঙ্গু’ দিয়ে। একই বছর ‘ভাল্লি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন প্রিয়া। ওই সিনেমায় বিশেষ চরিত্রে ছিলেন রজনীকান্ত।
পরের বছরগুলোতে দুজনই দক্ষিণী সিনেমায় নিজেদের জায়গা করে নেন। রঞ্জিত অভিনয় করেছেন ‘সিন্ধু নাথি পু’, ‘মাইনর ম্যাপিল্লাই’, ‘নাটপুকাগা’, ‘ধর্ম’, ‘পুধুমাই পিথান’ ও ‘সুন্দরী নিয়ুম সুন্দরন নানুম’ সিনেমায়। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘মারু মালারচি’-তে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পান।
প্রিয়াকে দেখা গেছে একাধিক ভাষার সিনেমায়। মোহনলালের ‘মন্ত্রিকম’ ও ‘আরাম থাম্পুরান’, মামুটির ‘সাইন্যম’, কমল হাসানের ‘শুভ সংকল্পম’ এবং সুরেশ গোপীর ‘কাশ্মীরাম’ ও ‘ভূপতি’ তার উল্লেখযোগ্য কাজ।
সেট থেকে সংসার, তারপর বিচ্ছেদ
১৯৯৯ সালে ‘নেসাম পুধুসু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন রঞ্জিত ও প্রিয়া। শুটিংয়ের সময়ই তাদের মধ্যে প্রেম হয়, যা পরে বিয়েতে গড়ায়। তাদের দুই ছেলে রয়েছে। সংসার ও সন্তানদের সময় দিতে প্রিয়া সিনেমার কাজ কমিয়ে টেলিভিশন নাটকে মনোযোগ দেন। এ সময় রঞ্জিত মালয়ালম সিনেমাতেও জনপ্রিয়তা পান। মোহনলালের ‘নাটুরাজাভু’ ও ‘চন্দ্রোৎসবম’ এবং মামুটির ‘রাজামানিক্যম’ সিনেমায় তিনি অভিনয় করেছেন।
২০১৪ সালে প্রায় ১৬ বছরের সংসারের ইতি টানেন তারা। এই বিচ্ছেদ ভক্তদের অবাক করেছিল। অভিনেতা ও নির্মাতা আলাপ্পি আশরাফ একসময় দাবি করেছিলেন, রঞ্জিতের বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে বিচ্ছেদের কারণ নিয়ে রঞ্জিত বা প্রিয়া কখনো প্রকাশ্যে কিছু বলেননি। বিচ্ছেদের পর দুই সন্তানের কথা ভেবে প্রিয়া আবার অভিনয়ে ফেরেন।
দ্বিতীয় বিয়ে ও ফিরে আসা
বিচ্ছেদের পর ২০১৪ সালেই অভিনেত্রী রাগাসুধাকে বিয়ে করেন রঞ্জিত। কিন্তু এক বছরের মাথায়, ২০১৫ সালে, সেই সংসারও ভেঙে যায়। এরপর কয়েক বছর তিনি একাই কাটান।
এরই মধ্যে রঞ্জিত গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাবেক স্ত্রী প্রিয়া তার পাশে দাঁড়ান। অসুস্থতার দিনগুলোতে প্রিয়ার সেবা ও যত্নে দুজনের মধ্যে জমে থাকা দূরত্ব ধীরে ধীরে কমে আসে। শেষ পর্যন্ত আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা। করোনাভাইরাস মহামারির সময় নীরবে আবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন রঞ্জিত ও প্রিয়া। বিচ্ছেদ ও দ্বিতীয় সংসার ভাঙার অধ্যায় পেরিয়ে তাদের এই ফিরে আসা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রপাড়ায় এখনো আলোচিত।
বিনোদন ডেস্ক : 




















