দারিদ্র্যের হারে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত ২০২৬ সালের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্সে এ চিত্র উঠে এসেছে।
ইউএনডিপির তথ্য অনুযায়ী, বাংলাদেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ। ভারতে এই হার ১৬ দশমিক ৪ শতাংশ, আর পাকিস্তানে ৩৮ দশমিক ৩ শতাংশ।
সহজ করে বললে, পাকিস্তানের প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৮ জন বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। ভারতে এ সংখ্যা ১৬ জন, বাংলাদেশে প্রায় ১৫ জন। তালিকার শীর্ষে আছে আফগানিস্তান। দেশটিতে দারিদ্র্যের হার ৬৪ দশমিক ৯ শতাংশ।
প্রতিবেদনে বিশ্বজুড়ে দারিদ্র্য পরিস্থিতির উদ্বেগজনক অবনতির কথাও বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিশ্বে ১২০ কোটি মানুষ দারিদ্র্যসীমায় বাস করছেন।
নিজস্ব প্রতিবেদক 



















