কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের স্বাবলম্বী হওয়া এবং রপ্তানি সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫,কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খামারিদের অক্লান্ত পরিশ্রম ও উদ্যোগের ফলে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ পণ্য বিশ্ববাজারে রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে। এ খাত দেশের রপ্তানি আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, চরাঞ্চলের অনেক মানুষ গবাদিপশু পালন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন। প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে ছোট পরিসরে খামার গড়ে তুলে আত্মকর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার জন্য তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি প্রাণিসম্পদ খাতের চলমান অগ্রগতি ধরে রাখা, খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং রপ্তানিমুখী উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় খামারি, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার 
























