বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে মাহ্দী আমিন ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান জানান, যাতে ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়।
সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার প্রসঙ্গ। উভয় পক্ষ একমত পোষণ করেন যে, পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যেতে হবে। পাশাপাশি বিদ্যমান সমস্যা বা চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়েও গঠনমূলক আলোচনা হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন—এই পাঁচটি খাতে সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও কথা হয়।
তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বিদ্যমান অপার সম্ভাবনার কথা উল্লেখ করে উভয় পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছান।
সবমিলিয়ে বৈঠকটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে নিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অর্থনৈতিক-সাংস্কৃতিক সহযোগিতা—এই তিনটি বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 



















