বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও হাঁটবেন আন্তর্জাতিক র্যাম্পে। প্যারিস ফ্যাশন উইকের অন্যতম আলোচিত আয়োজন ‘লে দেফিলে’-তে এবার তাঁর উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসছে এই তারকাখচিত আয়োজন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর হবে ‘লে দেফিলে’র নবম সংস্করণ। এবারের প্রতিপাদ্য ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’—যেখানে গুরুত্ব পাচ্ছে নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তির বার্তা।
দীর্ঘদিন ধরে লরিয়াল প্যারিসের দূত হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। তাই এবারের আয়োজনেও তাঁর উপস্থিতি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। আয়োজকদের ভাষায়, র্যাম্পে তাঁর এই প্রত্যাবর্তন শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হয়ে উঠবে।
শুধু ঐশ্বরিয়া নন, এবারের মঞ্চে দেখা যাবে আন্তর্জাতিক অঙ্গনের আরও একঝাঁক তারকাকে। তালিকায় রয়েছেন সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলের মতো নাম। ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ এরই মধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন জগতের অন্যতম প্রতীক্ষিত আয়োজনে পরিণত হয়েছে।
শুধু র্যাম্পে হাঁটাই নয়, এই আয়োজন ঘিরে থাকছে সৌন্দর্যপণ্যের নতুন সংযোজনও। ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে বাজারে আসছে লরিয়াল প্যারিসের নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে যুক্ত হচ্ছে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রং, যার মধ্যে বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’। প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও দেখা যাবে এই রং, ফলে তাঁর সাজসজ্জা নিয়েও থাকছে আলাদা আগ্রহ।
ভারতীয় ক্রেতাদের কাছে প্যারিসের এই সৌন্দর্য-অভিজ্ঞতা পৌঁছে দিতে লরিয়াল প্যারিস কাজ করছে অনলাইন সহযোগী অ্যামাজন এবং অফলাইন সহযোগী লাইফস্টাইল স্টোরসের সঙ্গে। এছাড়া আগামী অক্টোবরে মুম্বাইয়ে প্রথমবারের মতো আয়োজন করা হবে বিশেষ একটি সৌন্দর্যবিষয়ক কর্মশালা।
সব মিলিয়ে প্যারিসের মঞ্চে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে। রূপ, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের মিশেলে র্যাম্পে নতুন করে নজর কাড়বেন এই বলিউড তারকা—এমনটাই মনে করছেন আয়োজক ও অনুরাগীরা।
বিনোদন ডেস্ক : 



















