হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাত দুইটার দিকে ঢাকামুখী পাথরবোঝাই ট্রাকটি বিকল হয়ে মহাসড়কের পাশে থেমে ছিল। আধা ঘণ্টা পর একই দিক থেকে আসা ডাক বিভাগের পার্সেল বহনকারী একটি মাঝারি আকারের কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে ভ্যানের চালক জসিম (৪০), তাঁর সহযোগী মজনু মিয়া (৫৪) ও রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামের বাসিন্দা। আর রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ এখন শায়েস্তাগঞ্জ হাইওয়े থানায় রাখা হয়েছে। স্বজনেরা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
চলমান বার্তা ডেস্ক : 




















