গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, অবশেষে তা নিয়ে মুখ খুললেন তিনি নিজেই। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়েছে বলে সম্প্রতি একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যদিও এতদিন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী। সোমবার (১৭ আগস্ট) নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি।
পোস্টে পূজা জানান, তার এখনও বিয়ে হয়নি। একই সঙ্গে তাকে নিয়ে যাচাই না করে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি। “কখনও অমুক পেশার কারও সঙ্গে, কখনও অন্য কারও সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে—যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক,” লেখেন তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে নিজে এনগেজড থাকার কথা জানিয়েছিলেন পূজা, তবে বাগ্দত্তার পরিচয় প্রকাশ করেননি। সেই প্রসঙ্গ টেনে তিনি লেখেন, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তিনি নিজেই আনন্দের সঙ্গে তা সবাইকে জানাবেন। “লুকানোর কিছু নেই,” বলেন এই নায়িকা।
বিষয়টি নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন পূজা। যাচাই ছাড়া তাকে জড়িয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের প্রসঙ্গ টানেন। পোস্টে সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে তিনি লেখেন, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ ও কারও নামে মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। তার ভাষায়, “আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।”
পোস্টের শেষে গণমাধ্যমকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানান পূজা। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা ও দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পূজার বাগ্দান নিয়েও আলোচনা হয়েছিল। ‘পোড়ামন ২’ দিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রী পরবর্তীতে অভিনয় করেছেন ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’সহ একাধিক সিনেমায়।
চলমান বার্তা ডেস্ক : 



















