দীর্ঘ তিন বছর নিখোঁজ থাকার পর ইতালির একটি খাল থেকে সুনামগঞ্জের এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে ইতালির পোর্দেনোনে শহরের একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত যুবকের নাম ফাঁখার উদ্দীন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদেকপুর গ্রামে, বেতগঞ্জ বাজার ডাকঘর এলাকায়। তিনি আব্দুল শহিদের ছেলে।
পরিবারের সদস্যরা এবং মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের নথি অনুযায়ী জানা গেছে, জীবিকার সন্ধানে ফাঁখার উদ্দীন ইতালিতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে লাতিসানা শহরের একটি রেস্তোরাঁয় সহকারী বাবুর্চি হিসেবে কাজ করতেন তিনি এবং বৈধ ইতালীয় রেসিডেন্সি পারমিটও পেয়েছিলেন। তবে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন খোঁজ না পেয়ে পরিবার ইতালীয় পুলিশের দ্বারস্থ হয়।
উদিনি পুলিশ হেডকোয়ার্টার্সের অভিবাসন শাখার অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ৩ অক্টোবর পোর্দেনোনে শহরের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের কাছের আম্মান খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে আঙুলের ছাপ ও নথিপত্র মিলিয়ে ১৭ অক্টোবর পুলিশ নিশ্চিত হয় যে, মরদেহটি নিখোঁজ ফাঁখার উদ্দীনেরই।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার মৃত্যু সনদ অনুযায়ী, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়, বরং একটি দুর্ঘটনা। খালে অসাবধানতাবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত ও খুলির হাড় ভাঙার শিকার হন তিনি। পরে একাধিক অঙ্গ বিকল হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর ২০২৩ তারিখে তিনি মারা যান।
একমাত্র সন্তানের এমন মৃত্যুতে সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে তার বাবা-মা ও স্বজনদের মাঝে। নিহতের মামা, ব্যবসায়ী ও সাংবাদিক মো. শাহাব উদ্দিনকে সরকারিভাবে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে কবর জিয়ারত, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়াতের ব্যক্তিগত শেষ জিনিসপত্র সংগ্রহের জন্য। পরিবার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও মিলান কনস্যুলেটের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
চলমান বার্তা ডেস্ক : 



















