দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি নীতি সহায়তা দেওয়ার দাবিকে যৌক্তিক বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিষয়টি নিয়ে খুব শিগগির উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেখানে দেশের শীর্ষস্থানীয় ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকেরা অংশ নেন। সম্পাদকেরা নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার পাশাপাশি এ খাতের সমস্যা সমাধানে সরকারের নীতিগত সহায়তা চান।
বৈঠকে যাঁরা কথা বলেন
ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু বৈঠকে অনলাইন সংবাদমাধ্যমের বিদ্যমান সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। এ ছাড়া বক্তব্য দেন সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবর সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায়।
বিজ্ঞাপন নিয়ে ফোরামের প্রস্তাব
ফোরামের লিখিত বক্তব্যে বলা হয়, নিবন্ধন দেওয়ার বাইরে অনলাইন নিউজ পোর্টালের জন্য সরকারের কার্যকর নীতিগত সহায়তা প্রায় নেই। তাদের ভাষ্য, একটি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ জারি করলেই নিবন্ধিত পোর্টালকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা সম্ভব। এতে সরকারের বাড়তি কোনো আর্থিক দায় তৈরি হবে না। পরে তথ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেজভিউ, নিজস্ব কার্যালয় ও জনবলসহ প্রয়োজনীয় সূচক বিবেচনায় বিজ্ঞাপন বণ্টনের পূর্ণাঙ্গ নীতিমালা করতে পারে। ফোরাম উল্লেখ করে, অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও এ বিষয়ে সুপারিশ করেছিল।
নিবন্ধনহীন পোর্টাল নিয়ে উদ্বেগ
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি, আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন। অন্যদিকে নিবন্ধন ছাড়াই শুধু ডোমেইন কিনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কয়েক হাজার ওয়েবসাইট নিজেদের নিউজ পোর্টাল হিসেবে চালাচ্ছে।
সম্পাদকদের মতে, সাধারণ পাঠকের পক্ষে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের বক্তব্য, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রেখেই অনলাইন সংবাদমাধ্যমে শৃঙ্খলা আনা দরকার। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর মতো নিউজ পোর্টালের ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করার দাবি জানান তাঁরা। অন্তত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার আগে কোনো পোর্টালের সংবাদ কার্যক্রম শুরু করতে না দেওয়ার প্রস্তাবও দেন তাঁরা।
নবায়ন ফি ও ঠিকানা পরিবর্তনের জটিলতা
ফোরাম জানায়, নিবন্ধিত পোর্টালগুলোকে প্রতিবছর পাঁচ হাজার টাকা নবায়ন ফি দিতে হয়। অথচ অন্য গণমাধ্যমের ক্ষেত্রে একবার লাইসেন্স বা অনুমোদন নেওয়ার পর নিয়মিত নবায়নের বাধ্যবাধকতা নেই। তাই বার্षিক নবায়ন ও ফি রাখার যৌক্তিকতা পুনর্বিবেচনার দাবি জানান সম্পাদকেরা। তাঁদের ভাষ্য, মিডিয়া কমিশনও নবায়ন প্রক্রিয়া ও লাইসেন্স ফি বাতিলের সুপারিশ করেছিল।
কার্যালয়ের ঠিকানা বদলের প্রক্রিয়া সহজ করার দাবিও ওঠে বৈঠকে। সম্পাদকদের অভিযোগ, একটি সাধারণ ঠিকানা পরিবর্তনের আবেদন মন্ত্রী ও সচিব পর্যায় পর্যন্ত অনুমোদনের জন্য যায়। এ জন্য দুটি গোয়েন্দা সংস্থার মতামত নিতে হয়, আর তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাধিকবার ফাইল আদান-প্রদান করতে হয়। এতে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়।
সম্পাদকেরা বলেন, অনলাইন সাংবাদিকতা এখন আর প্রচলিত গণমাধ্যমের বিকল্প নয়, বরং মূলধারার গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অনলাইন সংস্করণ আছে এবং সেসব প্রতিষ্ঠানের আয়ের নানা উৎস ও সরকারি পৃষ্ঠপোষকতাও আছে। কিন্তু শুধু অনলাইনভিত্তিক উদ্যোক্তারা আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় টিকে থাকার লড়াই করছেন। কর্পোরেট সহায়তা পাওয়া হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ নিবন্ধিত পোর্টাল সীমিত আয় ও সামর্থ্য নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাচ্ছে বলে তাঁরা জানান।
প্রতিমন্ত্রীর বক্তব্য
বৈঠকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর গত আট-নয় মাসে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এসব ইতিবাচক পরিবর্তনও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের কথা শোনার জন্যই আজ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দাবি-দাওয়াগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।’
নিবন্ধন ও স্বীকৃতি প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তা-ই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই।’ একই সঙ্গে উন্নয়ন ও জনকল্যাণে সরকারের উদ্যোগগুলোও তুলে ধরতে বলেন তিনি।
তবে দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী মনে করিয়ে দেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে সচেতন থাকতে হবে। দেশের স্থিতিশীলতা নষ্ট বা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে, এমন সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা নিয়েও সতর্ক করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, বিদেশের কোনো ঘটনায় অনেক সময় এমন শিরোনাম দেওয়া হয়, যেখানে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্ট থাকে না। এতে পাঠক বিভ্রান্ত হতে পারেন। তাই সংবাদ ও শিরোনামে যথাযথ প্রেক্ষাপট উল্লেখ করতে হবে।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম বন্ধ, সাংবাদিক হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতি তৈরি করেছিল। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। তবে বর্তমান সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাস করে না।
বৈঠক শেষে তথ্যমন্ত্রীর মন্তব্য
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়। তাঁর মন্তব্য, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই।
তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।’ তাঁর দাবি, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট বা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। এ কারণে আলোচনায় ফিরতেই দলটি সহিংস রাজনীতি করছে বলে তিনি মনে করেন। তাঁর মতে, সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়।
আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনীতির ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এর দায় বর্তমান সরকারের না হলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে।’ তথ্যমন্ত্রী আরও দাবি করেন, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যতটা ক্ষতি করেছে, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে।
নিজস্ব প্রতিবেদক 



















