হঠাৎ পেটে ব্যথা শুরু হলে অনেকেই ধরে নেন, গ্যাস-অম্বল বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়েছে। নিজের হোক বা সন্তানের, দোষটা গিয়ে পড়ে খাবারের ওপর। ঘরোয়া ওষুধ খেয়ে অপেক্ষা করাও অস্বাভাবিক নয়। কিন্তু ব্যথা যদি কমার বদলে বাড়তে থাকে, তবে বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয়। সাধারণ হজমের সমস্যা মনে হওয়া ব্যথার পেছনেও লুকিয়ে থাকতে পারে অ্যাপেন্ডিসাইটিস।
শিশু ও অল্পবয়সীদের ক্ষেত্রে এই রোগের লক্ষণ সব সময় স্পষ্ট হয় না। গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা পেটের সংক্রমণ ভেবে তাই চিকিৎসায় দেরি হয়ে যেতে পারে। ব্যথা অনেকক্ষণ থাকলে, ক্রমে বাড়লে বা অন্য উপসর্গের সঙ্গে দেখা দিলে অ্যাপেন্ডিসাইটিসের সম্ভাবনাও মাথায় রাখা দরকার।
অ্যাপেন্ডিসাইটিস কী
বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত আঙুলের মতো ছোট একটি থলিকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এই অংশে প্রদাহ হলে তাকে অ্যাপেন্ডিসাইটিস বলে। অনেক সময় কোনও কারণে অ্যাপেন্ডিক্সের মুখ বন্ধ হয়ে যায়। তখন ভেতরে ব্যাক্টেরিয়া বাড়তে থাকে, অ্যাপেন্ডিক্স ফুলে ওঠে এবং প্রদাহ তৈরি হয়। সময়মতো চিকিৎসা না হলে প্রদাহ বাড়ে। গুরুতর ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে সংক্রমণ পেটের ভেতরে ছড়িয়ে পড়তে পারে, এমনকি সেপসিসও হতে পারে। তখন পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
কোন লক্ষণ দেখে সতর্ক হবেন
প্রাথমিক লক্ষণগুলোর একটি হল নাভির চারপাশে ব্যথা। শুরুতে তা তেমন স্পষ্ট না-ও হতে পারে। সময়ের সঙ্গে ব্যথা সরে গিয়ে পেটের নিচের ডান দিকে জায়গা নিতে পারে। ব্যথার এই জায়গা বদলানো একটি গুরুত্বপূর্ণ সংকেত।
সাধারণত সময় যত যায়, ব্যথাও তত তীব্র হয়। হাঁটাচলা, কাশি, লাফানো কিংবা শরীরের ভঙ্গি বদলালে তা আরও বাড়তে পারে। কোনও শিশু বা অল্পবয়সী পেটব্যথার কারণে স্বাভাবিকভাবে হাঁটতে বা নড়াচড়া করতে না পারলে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
এর সঙ্গে খিদে কমে যাওয়া, বমি বমি ভাব, বমি, মলত্যাগের অভ্যাসে বদল এবং সামান্য জ্বরও থাকতে পারে। শুধু গ্যাসের সমস্যা হলে অনেক সময় ঢেকুর উঠলে বা বায়ু নির্গত হলে অস্বস্তি কমে যায়। তবে সব রোগীর লক্ষণ এক রকম হয় না। তাই ব্যথা বাড়তে থাকলে নিজে রোগ নির্ণয়ের চেষ্টা না করে চিকিৎসকের কাছে যাওয়াই জরুরি।
শিশুদের ক্ষেত্রে কী দেখবেন
ছোট শিশুদের অ্যাপেন্ডিসাইটিস চেনা তুলনামূলক কঠিন। পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে পরিচিত লক্ষণগুলো সব সময় দেখা যায় না। কোথায় ব্যথা হচ্ছে, তা-ও তারা বুঝিয়ে বলতে পারে না। কারও কারও ক্ষেত্রে তীব্র পেটব্যথার বদলে ডায়রিয়া, পেট ফাঁপা বা দুর্বলতা দেখা দিতে পারে।
তাই অভিভাবকদের নজর রাখতে হবে শিশুর আচরণ, খাওয়ার ইচ্ছা আর খেলাধুলোর অভ্যাসে কোনও বদল হচ্ছে কি না। যে শিশু সাধারণত চঞ্চল, সে হঠাৎ নিস্তেজ হয়ে পড়লে, খেতে না চাইলে বা পেটের অস্বস্তিতে স্বাভাবিক কাজকর্ম থামিয়ে দিলে সতর্ক হওয়া দরকার।
শিরোনাম :
পেটব্যথা কি শুধুই গ্যাস? অ্যাপেন্ডিসাইটিসের এই লক্ষণ দেখলে দেরি নয়
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১১:৩১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- 19
জনপ্রিয় সংবাদ



























