নানা সুবিধা ও ছাড় পেয়েও আর্থিক দুরবস্থা থেকে বের হতে পারছে না রাষ্ট্রীয় মালিকানার ছয় ব্যাংক। সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিক ব্যাংকের বিপুল অঙ্কের অর্থ আটকে আছে আদালতের বিচারাধীন মামলায়। গত জুন পর্যন্ত ৪৭ হাজার ৪৬৯টি মামলায় আটকে আছে এক লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা। অঙ্কটি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের চেয়ে ২২ হাজার ২১৮ কোটি টাকা বেশি। এর প্রায় ৬০ শতাংশ রয়েছে শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে। ব্যাংকগুলোর জুনভিত্তিক তথ্য বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
মামলার অর্থ কেন খেলাপির চেয়ে বেশি
সংশ্লিষ্টরা জানান, অর্থঋণ আদালতের মামলা, রিট ও সার্টিফিকেট মামলা—এই তিন ধরনের মামলায় আটকে থাকা অর্থ ব্যাংকের প্রতিবেদনে দেখানো খেলাপি ঋণের চেয়ে ১৪ দশমিক ৬০ শতাংশ বেশি। এর প্রধান কারণ রিট মামলা। আদালতে এক হাজার ১৫৭টি রিট মামলার বিপরীতে আটকে থাকা ১৬ হাজার ৩১২ কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হচ্ছে না।
আরও কয়েকটি কারণের কথা বলা হয়েছে। অবলোপন করা ঋণ ব্যাংকের খেলাপি ঋণের হিসাবে ধরা হয় না। আবার অর্থঋণের মামলায় অনারোপিত সুদ ও সব ধরনের খরচ যোগ করে হিসাব করা হয়। ব্যাংকের প্রতিবেদনে সুদ ধরা হয় কেবল ঋণ খেলাপি হওয়া পর্যন্ত। এ কারণেই মামলায় থাকা ঋণ খেলাপির চেয়ে বেশি দেখায়।
সংখ্যায় পরিস্থিতি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট ঋণ তিন লাখ ২২ হাজার ৩৪৬ কোটি টাকা। এর মধ্যে খেলাপি এক লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, অর্থাৎ ৪৭ দশমিক ৩০ শতাংশ।
শুধু অর্থঋণ আদালতেই ১৩ হাজার ৯৭৩টি মামলায় আটকে আছে এক লাখ ৫৮ হাজার ৫৫ কোটি টাকা। ৩২ হাজার ৩৩৯টি সার্টিফিকেট মামলায় আটকে আছে ৩৬০ কোটি টাকা। সব মিলিয়ে মামলার অর্থ ব্যাংকগুলোর দেখানো খেলাপির ১১৪ দশমিক ৬ শতাংশ। এই হিসাবে রিটে আটকে থাকা ঋণও ধরা হয়েছে।
ব্যাংকভিত্তিক চিত্র
মামলায় আটকে থাকা অর্থের দিক থেকে শীর্ষে জনতা ব্যাংক। ব্যাংকটির ১১ হাজার ৭০০টি মামলায় জড়িত অর্থ এক লাখ ২১ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরে এ অঙ্ক ছিল ২৮ হাজার ৮৯৯ কোটি টাকা। অন্য ব্যাংকগুলোর চিত্র এ রকম:
সোনালী ব্যাংক: ৯ হাজার ৫৮৭টি মামলায় ২৬ হাজার ৭৭৭ কোটি টাকা
অগ্রণী ব্যাংক: ১৯ হাজার ৮৩২টি মামলায় ১৬ হাজার ৭৩৬ কোটি টাকা
বেসিক ব্যাংক: ৬৯২টি মামলায় ১৬ হাজার ৩২৫ কোটি টাকা
রূপালী ব্যাংক: ৪ হাজার ৭৪৪টি মামলায় ১২ হাজার ৬৬৯ কোটি টাকা
বিডিবিএল: ৯১৪টি মামলায় ২ হাজার ১৯৯ কোটি টাকা
শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে সিংহভাগ
ছয় ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছেই আটকে আছে ৯১ হাজার ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ, যা মোট খেলাপির ৫৯ দশমিক ৮ শতাংশ। এখানেও সবচেয়ে বড় ঝুঁকিতে জনতা ব্যাংক। ব্যাংকটির শীর্ষ ২০ খেলাপির কাছে আছে ৫৮ হাজার ৬৪৩ কোটি টাকা। এটি ব্যাংকটির নিজস্ব খেলাপির ৭৭ দশমিক ৪৭ শতাংশ এবং ছয় ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির মোট ঋণের ৬৪ দশমিক ৩ শতাংশ।
নিজ নিজ খেলাপি ঋণের মধ্যে শীর্ষ ২০ খেলাপির হাতে থাকা অংশ বিডিবিএলের ৫১ দশমিক ৩৬ শতাংশ, রূপালীর ৪৯ দশমিক ৭৮ শতাংশ, অগ্রণীর ৪৪ দশমিক ৫৬ শতাংশ, সোনালীর ৩৫ দশমিক ২১ শতাংশ ও বেসিকের ২৮ দশমিক ২৭ শতাংশ।
তারল্য ভালো, ঋণ বিতরণ কম
প্রতিবেদনে দেখা যাচ্ছে, নানা দুর্বলতার মধ্যেও ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি ভালো। তবে প্রত্যাশিত হারে ঋণ বিতরণ হচ্ছে না। জুনের তুলনায় সেপ্টেম্বরে অগ্রণী, রূপালী, বিডিবিএল ও বেসিকের ঋণ প্রবৃদ্ধি কমেছে। একই সময়ে সোনালীর ঋণ বেড়েছে ৪ দশমিক ৬৩ শতাংশ এবং জনতার শূন্য দশমিক ৩৫ শতাংশ।
ছয়টি ব্যাংকই স্বল্পমেয়াদি তারল্য (এলসিআর) ও স্থিতিশীল তহবিল (এনএসএফআর) সংরক্ষণে সক্ষম হয়েছে। মূলধন সংরক্ষণে সক্ষম হয়েছে কেবল সোনালী ও বিডিবিএল।
চলমান বার্তা ডেস্ক : 



















