২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। চারটি প্যাকেজের আওতায় আসবে ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই তেল আমদানি করবে। মোট আমদানির মধ্যে আছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন। তিনটি প্যাকেজে সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন দেবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
প্যাকেজভিত্তিক হিসাব
পিজি-০৩ প্যাকেজে ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৬ দশমিক ৯৩ ডলার। তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দেয় এবং সবকটিই কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয় ট্রাফিগুরা।
পিজি-০৪ প্যাকেজে আরও ৯০ হাজার টন ডিজেল আসবে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকায়। এখানে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭ দশমিক ৪৫ ডলার। পাঁচটি প্রতিষ্ঠান দর দিলেও কারিগরিভাবে উত্তীর্ণ হয় চারটি। এ প্যাকেজেও সর্বনিম্ন দরদাতা ট্রাফিগুরা।
পিজি-০৫ প্যাকেজে ৩ লাখ ৫০ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল আমদানিতে খরচ ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ৬৯ দশমিক ৮২ ডলার। তিন প্রতিষ্ঠানের সব প্রস্তাবই কারিগরিভাবে গ্রহণযোগ্য ছিল। সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের দায়িত্ব পেয়েছে ট্রাফিগুরা।
পিজি-০৬ প্যাকেজে ১ লাখ ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আনা হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকায়। প্রতি ব্যারেলে প্রিমিয়াম ১৭ দশমিক ৩৬ ডলার। তিন প্রতিষ্ঠান দর দেয়, সবগুলো প্রস্তাবই কারিগরিভাবে গ্রহণযোগ্য ছিল। সর্বনিম্ন দরদাতা হিসেবে সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর।
প্রেক্ষাপট ও অর্থায়ন
জানা গেছে, দেশের মোট আমদানিতব্য জ্বালানি তেলের অর্ধেক কেনা হয় সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে, বাকি অর্ধেক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে। ২০২৭ সালের পুরো বছরে দুই পদ্ধতিতেই ৩৩ লাখ ৩৫ হাজার টন করে তেল আনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আগামী বছর বিপিসি মোট ৬৬ লাখ ৭০ হাজার টন জ্বালানি তেল আমদানি করবে।
নিজস্ব প্রতিবেদক 



















