যেকোনো সময়, যেকোনো স্থানে এবং যেকোনো ধরনের হুমকির জবাব দিতে ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপ-প্রধান কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি।
ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে তাঁর বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। সেই প্রতিবেদনের সূত্র ধরে খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ইজাদি বলেছেন, ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো পর্যায়ের এবং যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে।’
নিজেদের সামরিক সক্ষমতা নিয়েও কথা বলেছেন এই শীর্ষ কর্মকর্তা। তাঁর ভাষ্য, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি আজ বিশ্বের বৃহত্তম সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে আইআরজিসির এই কমান্ডার বলেন, ‘শত্রুরা দাবি করেছিল যে তারা বিপ্লবী গার্ডসহ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু শত্রুদের কোনো পরিকল্পনাই সফল হয়নি।’
প্রেক্ষাপট
গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। তার পর থেকে যুদ্ধ বন্ধের জন্য একাধিক কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। গত সপ্তাহে ইরানের পার্লামেন্ট স্পিকার বর্তমান অচলাবস্থাকে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছিলেন।
সূত্র: আল জাজিরা
চলমান বার্তা ডেস্ক : 



















