দেশের ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত পড়ুয়া ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি কর্মসূচি ফিরিয়ে আনা যায় কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আয়োজনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই নির্দেশনা দেন সরকারপ্রধান। বৈঠক শেষে গণমাধ্যমকে বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি নতুন করে চালু করা হলে তাতে কী পরিমাণ অর্থ ব্যয় হতে পারে, কতজন শিক্ষার্থী এর সুবিধা পাবে, কীভাবে এটি বাস্তবায়ন করা যায় এবং সমাজ ও শিক্ষাক্ষেত্রে এর কী প্রভাব পড়তে পারে—এসব বিষয় খতিয়ে দেখে একটি স্পষ্ট প্রস্তাব তৈরির ওপর জোর দেওয়া হয়েছে বৈঠকে।
আলোচনায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বর্তমান কার্যক্রম, এর উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে স্কুলছুট ঠেকাতে ট্রাস্টের অবদান সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় বলে জানান উপপ্রেস সচিব।
পাশাপাশি ছেলে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে মেধা ও যোগ্যতার নিরিখে বৃত্তি প্রদানের বিষয়টিও আলোচনায় স্থান পায়।
বৈঠকে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সময়ে চালু হওয়া মেয়েদের সর্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রসঙ্গও। সে সময় এই কর্মসূচি স্কুলে মেয়েদের উপস্থিতি বাড়াতে, তাদের লেখাপড়া চালিয়ে যেতে এবং কম বয়সে বিয়ে ঠেকাতে ইতিবাচক ভূমিকা রেখেছিল বলে আলোচনায় উঠে আসে বলে জানান শাহাদাৎ স্বাধীন।
শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্যের বিষয়টিকেও শিক্ষার মান বাড়ানোর সমান গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় বৈঠকে। স্কুলপর্যায়ে দুপুরের খাবার কর্মসূচি কীভাবে পরিচালিত হচ্ছে, খাবারের পুষ্টিমান কেমন এবং শিশুদের জন্য নিরাপদ খাবার তৈরি ও সরবরাহ নিশ্চিত করতে কী করা দরকার—এসব নিয়ে বিস্তারিত কথা হয়।
শিক্ষার্থীদের দেওয়া খাবার যেন পুষ্টিকর, নিরাপদ ও মানসম্পন্ন হয় এবং কোনো অবস্থাতেই যেন খাবারের মানে ছাড় দেওয়া না হয়, সে ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
উপপ্রেস সচিব আরও জানান, দুপুরের খাবার কর্মসূচি বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনাগত সক্ষমতা, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং খাবারের মান নিয়ন্ত্রণের মতো বিষয় মাথায় রেখে দুটি ভিন্ন পদ্ধতি নিয়েও বৈঠকে কথা হয়েছে। এই দুই পদ্ধতি কতটা কার্যকর ও বাস্তবায়নযোগ্য, তা যাচাই করতে আলাদা দুটি জেলায় পরীক্ষামূলকভাবে প্রতিটি পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা তথা মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিরোনাম :
মেয়েদের উপবৃত্তি পুনর্বহাল নিয়ে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৬:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- 6
জনপ্রিয় সংবাদ





















