আগামী বৃহস্পতিবার নয়, এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে তার দুই দিন পর, শনিবার (৩১ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান।
এর আগে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সেই প্রস্তাবের ভিত্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন চূড়ান্ত করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারিখ পরিবর্তনের কারণ সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া যায়নি। পরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, আর ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকায়, ৩ লাখ ৩৯৩ জন। তারা ৩১০টি কেন্দ্রে পরীক্ষা দেয়। অন্য বোর্ডগুলোর পরীক্ষার্থীর সংখ্যা:
- রাজশাহী: ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন
- যশোর: ১ লাখ ১৭ হাজার ২১০ জন
- দিনাজপুর: ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন
- চট্টগ্রাম: ৯৯ হাজার ৬৮৮ জন
- কুমিল্লা: ৯৪ হাজার ৮০২ জন
- ময়মনসিংহ: ৭৩ হাজার ৩৭ জন
- সিলেট: ৭১ হাজার ৭১১ জন
- বরিশাল: ৫৮ হাজার ৬৬৪ জন
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ৯২ হাজার ৯০৫ জন, আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।
চলমান বার্তা ডেস্ক : 



















