পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে কী সিদ্ধান্ত হবে, তা জানা যাবে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বেলা ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপির বক্তব্যের বিষয়ে এর বাইরে আর কোনো মন্তব্য তিনি করেননি।
মুক্তিযোদ্ধার দাফনে বাধা
ব্রিফিংয়ে মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনাও উঠে আসে। জাহেদ উর রহমান বলেন, একটি রাজনৈতিক দল এ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে সামনে আসা তথ্যে জানা গেছে। বিষয়টিকে তিনি ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে বলেন, এর পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে।
তাঁর ভাষ্য, একজন মানুষের মৃত্যুর পর তাঁর মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিছু মানুষের বিচার হওয়ার পর তাঁদের মরদেহের সঙ্গেও এমন আচরণ করা হয়েছিল। তবে ওই বিচারগুলোর পক্ষে থাকা ব্যক্তিরাও এ ধরনের আচরণ পছন্দ করেননি।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, মৃত্যুর পর মানুষের বিচার হবে সৃষ্টিকর্তার কাছে। যাঁরা এমন কাজ করেন, তাঁরা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন। এসব কর্মকাণ্ডের জন্য তাঁরা মানুষের প্রশংসা বা সমর্থন পাবেন না।
উগ্রবাদী তৎপরতা ও টঙ্গীর ঘটনা
চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদী ও অতি ডানপন্থি উগ্রবাদীদের তৎপরতা এবং টঙ্গীতে এক শিশুকে নির্যাতনের ঘটনা নিয়েও প্রশ্ন করা হয় তথ্য উপদেষ্টাকে। জবাবে তিনি বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গেই দেখছে। টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, আর এতে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।
জাহেদ উর রহমানের মতে, আইনগত ব্যবস্থা অব্যাহত থাকলে এ ধরনের প্রবণতা কমে আসবে। রাষ্ট্রের আইন ভেঙে কেউ এমন কাজ করতে পারবে না, সরকার এই বার্তা স্পষ্টভাবে দিলে ঘটনাগুলো স্বাভাবিকভাবেই কমবে। তাঁর ভাষায়, এ প্রবণতা দীর্ঘ সময় ধরে থাকবে না।
পররাষ্ট্রনীতি নিয়ে অবস্থান
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না, সে প্রশ্নও ওঠে ব্রিফিংয়ে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার নিজের অবস্থান থেকে সরে আসেনি, ভবিষ্যতেও সরবে না।
তিনি জানান, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতেও সরকার তার অবস্থান স্পষ্ট করেছে। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার সময়ও সংশ্লিষ্ট বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছিল। এসব বিষয় বাংলাদেশ মেনে নিয়েছে, এমনভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক 



















