সচিবালয়ে মঙ্গলবার নিজ দপ্তরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্সের সৌজন্য সাক্ষাৎ গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে তিনি জানান, আইনি ও বিচারিক সংস্কার এবং সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে আগ্রহী সংস্থাটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, গুজব-অপতথ্য রোধ, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রড্রিক্স মন্ত্রীকে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। জবাবে মন্ত্রী ইউএনডিপির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করে ভবিষ্যতে তা আরও বাড়ানোর আহ্বান জানান। রোহিঙ্গা ক্যাম্প প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, বিদ্যমান অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়ন চাইলেও নতুন কোনো অবকাঠামো নির্মাণে সরকারের আগ্রহ নেই।
ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়ানো গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য ঠেকাতে কারিগরি সহায়তার প্রস্তাব দেন আবাসিক প্রতিনিধি। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন ইতোমধ্যে পাস হয়েছে এবং এর বাস্তবায়নে লজিস্টিক সহায়তা কাম্য।
মানবাধিকার কমিশন আইনের খসড়া মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পেয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনে তা পাস হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান সরকারের আমলে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি উল্লেখ করে তিনি জানান, গুম প্রতিরোধ আইনের খসড়াও নীতিগত অনুমোদন পেয়েছে।
বৈঠকে অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান ও ইউএনডিপির সাইফ ইসলাম উপস্থিত ছিলেন।
চলমান বার্তা ডেস্ক : 




















