মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সংযুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, এবং তা নির্ভর করছে চুক্তির সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্তের ওপর—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ, তবে যোগদানের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি। তিনি জানান, চুক্তিতে যুক্ত হওয়া না-হওয়া নির্ভর করছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সিদ্ধান্তের ওপর। এই তিন দেশ চাইলে বাংলাদেশ প্যাক্টের সঙ্গে যুক্ত হতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, চুক্তির পরিধি বাড়লে তা বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য কল্যাণকর হবে এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
এর আগে বেলা ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।
সম্পা সুত্রধর,ঢাকা 



















