দীর্ঘ জটিলতার পর অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথম ধাপে সম্পূর্ণ বিনা খরচে যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী।দীর্ঘদিন বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ও স্বচ্ছ প্রক্রিয়ায় আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে ঢোকার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অনুরোধে মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্টে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে রাজি হয়েছে। বিমান ভাড়াসহ সব অভিবাসন ব্যয় বহন না করেই সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে প্রথম দলটি পাঠানো হবে।
২০২২ সালের সমঝোতা স্মারক অনুযায়ী কর্মী পাঠানোর এজেন্সি বাছাইয়ের এখতিয়ার মালয়েশিয়া সরকারের হাতেই থাকছে। যাচাই-বাছাই শেষে মোট ৩৩৮টি রিক্রুটিং ও সহযোগী এজেন্সিকে সুযোগ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মালয়েশিয়ার অনুমোদিত ২৫টি মূল এজেন্সি এবং বোয়েসেল।
স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিতর্কিত কেন্দ্র বাদ দিয়ে প্রাথমিকভাবে ১৬টি মেডিকেল সেন্টার দিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। কর্মীদের নিরাপত্তা, নিয়মিত বেতন ও আবাসন নিশ্চিতে গঠন করা হচ্ছে ২৪ ঘণ্টার মনিটরিং সেল।
মন্ত্রণালয় সাধারণ মানুষকে দালালচক্র থেকে সতর্ক থেকে সরকারি বিজ্ঞপ্তির আগে কোনো আর্থিক লেনদেন বা পাসপোর্ট জমা না দিতে অনুরোধ জানিয়েছে।
এস কে চন্দন, ঢাকা 



















