পাঁচ বছর আগে মা ম্যান্ডি টিফির সঙ্গে যৌথভাবে গড়ে তোলা মানসিক স্বাস্থ্যবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ওয়ান্ডারমাইন্ড’ নিয়ে নতুন করে আইনি জটিলতায় জড়িয়েছেন মার্কিন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। প্রতিষ্ঠানের একদল বিনিয়োগকারী চুক্তিভঙ্গ ও প্রায় ১২ লাখ ডলার জালিয়াতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন, যদিও গোমেজ সব অভিযোগ সরাসরি অস্বীকার করে মামলাটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ডেলাওয়্যারের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বিনিয়োগকারীদের অভিযোগ, অর্থ ঢালার সময় তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ৫৪ কোটির বেশি সামাজিক মাধ্যম অনুসারী থাকা তারকা গোমেজ নিজেই ব্র্যান্ডের বিপণন কার্যক্রমের নেতৃত্ব দেবেন। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলে দাবি তাদের। এমনকি প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাপ তৈরির মতো প্রাথমিক পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি, ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন তারা।
মামলা পর্যালোচনার পর গোমেজের প্রধান আইনজীবী ম্যাথিউ রোজেনগার্ট আদালতে সব অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন। তার ভাষ্যে, গোমেজ কখনোই প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনা বা প্রশাসনিক সিদ্ধান্তে সরাসরি জড়িত ছিলেন না, আর জালিয়াতির মতো গুরুতর অভিযোগে তাকে টেনে আনা সম্পূর্ণ অন্যায্য ও উদ্দেশ্যপ্রণোদিত। উল্টো হয়রানির অভিযোগ তুলে বাদিপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে তারকার আইনি দল।
এই আইনি লড়াই সবচেয়ে বড় ঝুঁকিতে ফেলেছে গোমেজের মা ও সহ-প্রতিষ্ঠাতা ম্যান্ডি টিফিকে। বিশ্লেষকদের ভাষ্য, জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সৌজন্যে গোমেজের মূল ভক্তগোষ্ঠীর ওপর এই মামলার নেতিবাচক প্রভাব সীমিত থাকলেও, পরিবারকে নিয়ে ব্যবসায় নামার ঝুঁকি আরও একবার প্রকাশ্যে এলো। বর্তমানে গোমেজ নিজেকে এই মামলা থেকে মুক্ত রাখার চেষ্টা চালাচ্ছেন, যাতে তার পারিবারিক পরিচিতি ও ব্যক্তিগত জনপ্রিয়তায় কোনো স্থায়ী দাগ না পড়ে।
বিনোদন ডেক্স: 



















