হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার শর্ত হিসেবে পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র তাদের সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ইরানের প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি খুলে দেওয়ার সাত দিনের মধ্যে লেবানন-সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর থাকা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, দেশটির জব্দ করা অর্থ ছাড় এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এসব শর্তের কথা জানান।
মধ্যপ্রাচ্যে প্রায় সাত মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ রেখে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে ইরান, আর যুক্তরাষ্ট্র চাইছে সেখানে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনতে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছেন তিনি।
তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নেওয়ার পরই পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে প্রস্তুত তারা। ওই জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্যে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারসহ পারমাণবিক কর্মসূচির প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান। একইভাবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর মার্কিন দাবিও প্রত্যাখ্যান করেছে তারা।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধ চলছে। তাদের অভিযোগ, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান, বিশেষ করে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে তারা। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।
যদিও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে আরও কম মাত্রায় নামিয়ে আনতে তারা রাজি হতে পারেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম মজুত ছিল। হামলার পর তার কতটা অবশিষ্ট রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
চলমান বার্তা ডেস্ক : 




















