আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে অস্বস্তি যেন থামছেই না। বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর এবার বেনিনের বিপক্ষে ম্যাচটিও হতে যাচ্ছে অস্বাভাবিক এক আবহে। মঙ্গলবার, ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি।
বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে তেমন আলোচনা হয়নি। কিন্তু গত কয়েক দিনে চিত্রটা বদলে গেছে। আলবিসেলেস্তেরা বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারালেও ম্যাচটি হয়েছে বেশ বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভ্রমণ ব্যবস্থার কারণে বুরকিনা ফাসো অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে নতুন করে দল সাজিয়ে মাঠে নামে। দলটি কম খরচের একটি ফ্লাইটে আর্জেন্টিনায় এসেছিল। তারা কোনো বোনাসও পায়নি। ফলে শেষ মুহূর্তে দল বদলাতে হয়েছে।
পরিস্থিতি আরও জটিল হয়েছে সময়ের কারণে। বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা আর্জেন্টিনায় পৌঁছান ম্যাচ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে। দীর্ঘ যাত্রার পর বিশ্রামের সুযোগই মেলেনি। স্বাভাবিকভাবেই ব্যবধান প্রত্যাশার চেয়ে অনেক বড় হয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম বিষয়টি ভালোভাবে নেয়নি, তারা এর কড়া সমালোচনা করেছে।
এই অস্বস্তি সহজে কাটার লক্ষণ নেই। মেগাস্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের খেলোয়াড়েরাও একের পর এক সমস্যায় পড়েছেন। দক্ষিণ আমেরিকায় আসার পথেই দলটি নানা ঝামেলার মুখে পড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুযোগ-সুবিধা মোটেও ভালো ছিল না। হোটেলে গরম পানি ছিল না, সনা কাজ করছিল না, সরঞ্জামেরও ঘাটতি ছিল। কৃত্রিম ঘাসের অনুশীলন মাঠ এবং ফিটনেস কক্ষও পেশাদার দলের জন্য উপযুক্ত ছিল না। বেনিন দল ২৩ ঘণ্টার ইকোনমি ক্লাসের ফ্লাইটে এসেছে। সেই যাত্রার মধ্যেই দলের ভিডিও বিশ্লেষক জোনাস বিদে জ্ঞান হারান।
বেনিনের কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই ম্যাচটি হবে। তাঁরা হলেন বেসিকতাসের জুনিয়র ওলাইতান, টিপিএসের শার্লেমেন আজোনিতোদে ও ভিপিএসের সাহিদ নগোবি। তবে প্রতিবেদনে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। তারপরও বেনিনের জন্য সময়টা ছিল কঠিন, আর এতে আর্জেন্টিনার সুনাম বাড়ার সম্ভাবনা কম।
আর্জেন্টিনায় মেসির ভাবমূর্তি অবশ্য এসব ঘটনায় অক্ষুণ্ন থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে এএফএর নাম অনিয়ম বা সুবিধা নেওয়ার চেষ্টার অভিযোগে জড়ানো এই প্রথম নয়। এখন দেখার বিষয়, মেসির শেষ ম্যাচটি মাঠের ভেতরে-বাইরে কেমন কাটে।
ক্রীড়া প্রতিবেদক 



















