সিরাজগঞ্জ সরকারি কলেজের ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানো ও তালা দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহিদুল হাসানের অপসারণ দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে ক্যাম্পাসে যান জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
ছাত্রদল নেতাদের অভিযোগ, অধ্যক্ষের সঙ্গে গোপন আঁতাতের কারণেই ক্যাম্পাসে এমন ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ বলেন, পরীক্ষা চলাকালে ফটক বন্ধ থাকার সুযোগে কেউ ব্যানার টানিয়ে তালা দিয়ে গেছে। কলেজের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
মোঃ হোসেন আলী ছোট্ট, সিরাজগঞ্জ 
























