নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আগুন নিভিয়ে ফেলেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থামার পর যাত্রীরা নেমে যান। গার্ডসহ অন্য কর্মীরাও তখন খাবার খেতে বাইরে যান। ফলে ট্রেনে কোনো যাত্রী বা কর্মী ছিলেন না। সেই সুযোগেই দুর্বৃত্তরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান তিনি।
হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা ছুটে আসেন এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
স্টেশন মাস্টার জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ট্রেনটির ‘ড’ বগিতে আগুন দেওয়া হয়। আগুনে ওই বগির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। স্থানটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। তিনি বলেন, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনও একই তথ্য দিয়েছেন। তিনি বলেন, ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছেন। যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 





















