বাংলাদেশে সার্বিকভাবে পরিবেশ দূষণের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমবর্ধমান। বিশ্বের দূষিত বায়ুর শহর গুলোর মধ্যে ঢাকা অন্যতম। ধুলার কারণে এই দূষণের মাত্রা এখন আরও ভয়াবহ। মাত্রাতিরিক্ত ইটভাটা, যানবাহন, নির্মাণকাজ ও কলকারখানার ধোঁয়ার কারণে ঢাকা শহরের প্রায় দেড় কোটি মানুষ আসলে এক অবিশ্বাস্য বিষাক্ত গ্যাসের মাঝে বাস করছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে, ঢাকার বায়ু দূষণমাত্রা কত এবং বায়ু দূষণমাত্রা কমানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা জরুরী ভিত্তিতে নির্ণয় করে সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।
রাজধানীর বায়ু দূষণে অন্যতম ভূমিকা পালন করছে ঢাকার রাস্তায় চলাচলকারী অতিরিক্ত যানবাহন। ঢাকা শহরে প্রতিদিন গড়ে প্রায় তিন লাখ যান্ত্রিক যানবাহন চলাচল করে। নগরীতে চলাচলকারী গণপরিবহনের প্রায় সবগুলো বাস-মিনিবাস, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্সা, টেম্পোসহ অন্যান্য গাড়িসমূহ মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে, ফিটনেসবিহীন এই সকল গাড়ি থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণের জন্য দায়ী।
এছাড়া গাড়িতে ব্যবহারকারী ভেজাল ও নিম্নমানের জ্বালানীও দায়ী বায়ুদূষণে। অন্যদিকে মোটরযান চলাচলের প্রধান সড়কগুলো আবাসিক এলাকা সংলগ্ন হওয়ার কারনে এসব এলাকার লোকজন উচ্চহারে বায়ু দূষণের শিকার হচ্ছে। অপরিকল্পিতভাবে গ্যাস, বিদ্যুৎ, পানি, ড্রেনেজ এবং রাস্তাঘাট উন্নয়ন, মেরামত ও সংস্কার কার্যক্রমের আওতায় রাস্তা-ঘাট খোঁড়াখুঁড়ির পরিমান বৃদ্ধি পায়। মেট্রোরেলসহ অন্যান্য মেগাপ্রকল্পের জন্য রাস্তা ও আশেপাশের বিশাল এলাকা জুড়ে খোঁড়াখুড়ি, গ্যাস-পানি, বিদ্যুতের লাইন স্থাপনের সময় রাস্তা খোঁড়াখুড়ি, মাটি, বালি, ইটসহ নির্মাণসামগ্রী আচ্ছাদনহীন ট্রাকে করে শহরে পরিবহন করা, ড্রেন পরিস্কার করে রাস্তার পাশে স্তুপ করে রাখা, দোকান পাট ও গৃহস্থালীর আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখা, মেরামতহীন ভাংগাচোরা রাস্তায় যানবাহন চলাচল, পাকা ভবন নির্মাণের সময় মাটি, বালু, ইটসহ অন্যান্য নির্মাণ সামগ্রী রাস্তা-ফুটপাতে ফেলে রাখা, পুরাতন ভবন ভাঙ্গা, মেশিনে ইট ভাঙ্গা, যানবাহনের কালো ধোঁয়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের বিষাক্ত কালো ধোঁয়া ধুলা ও বায়ু দূষণের অন্যতম উৎস। এসব উৎস থেকে বিপুল পরিমাণ ধুলা, বিষাক্ত ক্ষতিকারক গ্যাস ও ভারীধাতব কণা বাতাসে মিশে জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। অনেক দেশ বায়ুদূষণকে গুরুত্ব দিয়ে যথাযথ প্রকল্প গ্রহণ করছে, এতে তারা সুফলও পেয়েছে।
আমাদের দেশে বায়ুদূষণ রোধে বর্তমান সরকার যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছে সেগুলোর সুষ্ঠু বাস্তবায়ন জরুরি। নগরবাসীর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে অচিরেই বায়ু দূষণের উৎসসমূহ বন্ধ করতে হবে। বায়ু দূষণের সাথে জড়িত দায়ী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সর্বোপরি বায়ু দূষণের সকল উৎস বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
চলমান বার্তা ডেস্ক : 

























