‘মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি’—নির্বাচনের আগে এই বক্তব্যের মধ্য দিয়ে বড় প্রকল্পের নামে অনিয়ম, অর্থ অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরেছিল বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাচনী প্রচারে বড় প্রকল্পের পরিবর্তে জনস্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহিকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দেশের অর্থনৈতিক অগ্রগতি, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও শিল্প বিকাশের জন্য বড় প্রকল্পের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। প্রশ্ন হচ্ছে, সেই প্রকল্প কতটা স্বচ্ছ, বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের পরিকল্পনা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। দেশের বাণিজ্য, শিল্প ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান করিডর এই মহাসড়ক। যানজট ও দীর্ঘ যাত্রার সময় কমিয়ে রাজধানী থেকে চট্টগ্রামে যাতায়াত তিন ঘণ্টায় নামিয়ে আনার পরিকল্পনা অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় নতুন গতি সঞ্চার করতে পারে। কিন্তু প্রস্তাবিত প্রকল্পের নির্মাণ ও পরিচালন ব্যয় মিলিয়ে ১ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি খরচের হিসাব সামনে আসায় এর প্রতিটি দিক সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা জরুরি।
বড় প্রকল্প মানেই বড় ব্যয়, আর বড় ব্যয় মানেই প্রশ্নহীন অনুমোদন নয়। প্রকল্পের নকশা, ব্যয় নির্ধারণ, ঠিকাদার নির্বাচন, অর্থায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে ব্যয় বাড়ানোর পুরোনো প্রবণতা বন্ধ করতে হবে। কোনো অজুহাতে বারবার প্রকল্পের সময় ও বাজেট সংশোধন যেন নিয়মে পরিণত না হয়।
প্রধানমন্ত্রী ও সরকারের সদিচ্ছা থাকলে মেগা প্রকল্প দুর্নীতির প্রতীক নয়, বরং উন্নয়নের হাতিয়ার হতে পারে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার, নিয়মিত তদারকি, স্বাধীন নিরীক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। উন্নয়ন চাই, তবে সেই উন্নয়ন হতে হবে জনস্বার্থে, স্বচ্ছতার সঙ্গে এবং নির্ধারিত সময় ও ব্যয়ের মধ্যে। মেগা প্রকল্পের সাফল্য শুধু অবকাঠামো নির্মাণে নয়, জনগণের আস্থা অর্জনেও।
চলমান বার্তা ডেস্ক : 

























