এক বছরের ব্যবধানে স্বর্ণের বাজারের চিত্র পুরোপুরি উল্টে গেছে। ২০২৫ সালে নিরাপদ ও মূল্যবান এই ধাতুর দাম ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল। চলতি বছর সেই দামই নামছে ধাপে ধাপে। গত জানুয়ারির সর্বোচ্চ দামের তুলনায় স্বর্ণ এখন প্রায় এক-তৃতীয়াংশ সস্তা।
গত ২৮ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছিল ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলারে, যা সর্বকালের সর্বোচ্চ। গত বুধবার তা ৩ হাজার ৮০০ ডলারের নিচে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম দাম এতটা কমল। রোববার প্রতি আউন্সের দাম আরও কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৬ দশমিক ৬২ ডলারে। এ অবস্থায় স্বর্ণে বিনিয়োগকারীরা দোলাচলে পড়েছেন।
লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক পণ্যবাজার গবেষণা বিভাগের প্রধান সুকি কুপারের মতে, বছরের শুরুতে একাধিক কারণ একসঙ্গে কাজ করায় দাম রেকর্ড ছুঁয়েছিল। এখন ভিন্ন কিছু কারণ একযোগে কাজ করছে, ফলে দাম কমছে।
আগে কেন বেড়েছিল
২০২২ সাল থেকে স্বর্ণের প্রকৃত চাহিদা বাড়তে থাকে। গয়না তৈরি, কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীদের কেনাকাটা বাড়ায় দাম পড়ে যাওয়ার ঝুঁকি কমে আসে। এরপর স্বর্ণসমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরাও স্বর্ণ কেনায় ঝোঁকেন। ইটিএফ হলো এমন তহবিল, যেখানে অনেক বিনিয়োগকারী মিলে একসঙ্গে স্বর্ণ কিনে রাখেন।
২০২৫ সালে ইটিএফে স্বর্ণের মজুত প্রায় ৮০০ টন বাড়ে। এতে বাজারে বাড়তি স্বর্ণ কমে যায় এবং দাম চড়ে। সে বছর ডলারের মান ছিল দুর্বল, বন্ডের সুদও কম ছিল। পাশাপাশি বিশ্বজুড়ে ঋণ নিয়ে উদ্বেগ ছিল। ফলে অনেকেই ডলার বা বন্ডের চেয়ে স্বর্ণকেই বেশি নিরাপদ মনে করেন। এই চাহিদাই চলতি বছরের শুরুতে দামকে রেকর্ড উচ্চতায় তোলে।
এখন কেন কমছে
বাজারে স্বর্ণের দুটি রূপ দেখা যায়। একদিকে এটি গয়না ও শিল্পে ব্যবহারের পণ্য। অন্যদিকে বিনিয়োগকারীদের কাছে এটি ডলার বা বন্ডের বিকল্প, অর্থাৎ মুদ্রার মতো নিরাপদ সম্পদ। সুকি কুপারের ব্যাখ্যায়, বর্তমানে স্বর্ণকে মূলত এই দ্বিতীয় ভূমিকায় দেখা হচ্ছে। আর সেই ভূমিকার কারণেই দাম নিচে নামছে।
কুপার জানান, জানুয়ারিতে রেকর্ড গড়ার পর থেকেই দাম কমার আশঙ্কা কাজ করছিল। নতুন করে স্বর্ণ কেনা হবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে আলোচনা শুরু হয়। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে বাজারে নগদ অর্থের ওপর চাপ তৈরি হয়। তখন অনেক বিনিয়োগকারী দ্রুত স্বর্ণ বিক্রি করতে থাকেন।
স্বর্ণ সহজে বিক্রি করা যায় বলে বাজারে চাপ এলে বিনিয়োগকারীরা প্রথমেই এটি বেচে নগদ অর্থ হাতে নেন। এতে দাম আরও কমে।
সুদ ও ডলারের ভূমিকা
স্বর্ণ নিজে থেকে কোনো সুদ বা মুনাফা দেয় না। অথচ বন্ড, সঞ্চয় কিংবা মানি মার্কেট ফান্ড থেকে সুদ পাওয়া যায়। সুদের হার কম থাকলে বন্ডের আয়ও কম হয়, তখন স্বর্ণ বেশি আকর্ষণীয় লাগে। সুদের হার বাড়লে বন্ড থেকে ভালো আয়ের সুযোগ তৈরি হয়।
চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর দিকে ঝুঁকেছে। মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজিংয়ের আর্থিক উপদেষ্টা ইভান মিলস বলেন, শেয়ার, বন্ড ও প্রচলিত বিনিয়োগের মিশ্রণ এখন অনেক বেশি আকর্ষণীয়। তাই বিনিয়োগকারীদের অনেকে মনে করছেন, স্বর্ণ ধরে রাখা আর লাভজনক নয়।
একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়। সুদের হার কম থাকার সময় কেউ ১ লাখ টাকার বন্ড কিনলে মুনাফা কম পাবেন, তখন স্বর্ণ কিনে রাখাই তাঁর কাছে নিরাপদ মনে হতে পারে। কিন্তু ব্যাংক বা বন্ডে সুদ বাড়লে অনেকে জমানো স্বর্ণ বেচে বন্ডের দিকে ঝোঁকেন। সে সময় স্বর্ণের দাম পড়ে যায়।
ডলার শক্তিশালী হলেও স্বর্ণের দামে চাপ তৈরি হয়। কারণ স্বর্ণের আন্তর্জাতিক বাজারদর মূলত ডলারে নির্ধারিত হয়। ডলার শক্ত হলে অন্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়ে। এতে চাহিদা কমে, আর দামও চাপে পড়ে।
সূত্র: সিএনবিসি নিউজ
চলমান বার্তা ডেস্ক : 



















