দেশের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ১৯ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের ভর্তি কার্যক্রমের বিস্তারিত রয়েছে ওই নির্দেশনায়।
আবেদনের নিয়ম
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন নিতে হবে শুধু অনলাইনে, gsa.teletalk.com.bd ঠিকানায়। আবেদন ফি ১১০ টাকা। এই ফি দিতে হবে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে।
প্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি আবেদনে পছন্দের ক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় বেছে নেওয়া যাবে। কোনো প্রতিষ্ঠানে দুটি শিফট থাকলে এবং দুই শিফটই পছন্দ করলে সেটি দুটি পছন্দক্রম হিসেবে ধরা হবে। একই বিদ্যালয় বা একই শিফট দ্বিতীয়বার বাছাই করার সুযোগ নেই।
দ্বিতীয় থেকে নবম শ্রেণি
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটি এই কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা মানতে হবে। একই সঙ্গে বিভিন্ন কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের প্রতি নির্দেশ
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আবেদন ফরম জমার তারিখ ও সময়ও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে লিখতে হবে।
মাউশি জানিয়েছে, ভর্তি কার্যক্রম চলবে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটির সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধানে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিস্তারিত যেখানে পাওয়া যাবে
আবেদন পূরণ ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি পাওয়া যাবে মাউশির ওয়েবসাইট (dshe.gov.bd) এর সেকেন্ডারি সার্কুলার/অর্ডার বিভাগে এবং টেলিটকের ওয়েবসাইটে (teletalk.com.bd)। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে
নিজস্ব প্রতিবেদক 



















