ফ্রান্সের শত শত সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থায় নজিরবিহীন সাইবার হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে, আর কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনাও ঘটেছে।
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) দেশটির বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ ও ই লেক্লারসহ একাধিক প্রতিষ্ঠান সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কোন প্রতিষ্ঠানের কতটি দোকান আক্রান্ত
বার্তা সংস্থা এএফপিকে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ইন্টারমার্শে ও তাদের নেট্টো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান হামলার শিকার হয়েছে। কো-অপারেটিভ ইউয়ের ১০০টির বেশি বিক্রয়কেন্দ্র এবং ক্যারেফুরের ৮০টি সুপারমার্কেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। মনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের ৫ শতাংশ এই হামলার কবলে পড়ে। ই লেক্লার জানিয়েছে, তাদের বেশ কয়েকটি দোকানও আক্রান্ত হয়েছে।
প্যারিসের প্রসিকিউটর কার্যালয় বলছে, ফ্রান্সের বিভিন্ন বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের ইন্টারনেট-সংযুক্ত রেফ্রিজারেটরকে লক্ষ্য করে এই বড় আকারের হামলা চালানো হয়েছে। এতে খাদ্যপণ্য তো নষ্ট হয়েছেই, কয়েকটি জায়গায় আগুনও ধরে গেছে।
কীভাবে ঘটল ঘটনা
ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কোটিয়ার্ড ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে বলেছেন, এই হামলায় দেশজুড়ে এক দিনেই কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে। বিএফএম টিভির বরাতে জানা গেছে, হামলাকারীরা দূর থেকে রেফ্রিজারেশন ব্যবস্থার স্বয়ংক্রিয় ডিফ্রস্টিং বা বরফ গলানোর প্রক্রিয়া চালু করে দেয়। এতে তাজা ও হিমায়িত খাদ্যপণ্যের মজুত নষ্ট হয়ে যায়। ইন্টারমার্শে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তাজা ও হিমায়িত সব পণ্য ফেলে দিতে হতে পারে।
কো-অপারেটিভ ইউয়ের প্রধান নির্বাহী ডমিনিক শেলশের জানান, রোববার রাত থেকেই তাঁদের শীতলীকরণ ব্যবস্থায় সমস্যা দেখা দিচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, তাজা খাবার সংরক্ষণ এবং মানুষের খাদ্য সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা গুরুতর ঘটনা। তাঁর ভাষায়, হামলাটি অগ্রহণযোগ্য। স্বাভাবিক কার্যক্রম দ্রুত ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি।
সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজার সাধারণত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্যানেলের মাধ্যমে চলে। এসব ব্যবস্থা ইন্টারনেটের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় বলে রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো যেকোনো জায়গা থেকে এর সেটিংস বদলাতে পারে।
তদন্ত ও ড্যানফসের ভূমিকা
ঘটনা তদন্তে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআইকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গেও সমন্বয় করছে ফ্রান্স। হামলার প্রভাব অন্য দেশে পড়েছে কি না এবং দেশটির আরও প্রতিষ্ঠান ঝুঁকিতে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে, ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান ড্যানফসের সরবরাহ করা সফটওয়্যারে একটি দুর্বলতা শনাক্ত করেছে এএনএসএসআই। ড্যানফস জানিয়েছে, ফ্রান্সে তাদের সীমিতসংখ্যক রেফ্রিজারেশন ব্যবস্থায় এ ধরনের ঘটনার কথা তারা জানে। প্রতিষ্ঠানটির ভাষ্য, আক্রান্ত ইউনিটগুলোতে পুরোনো ফার্মওয়্যার ছিল। গ্রাহকদের সফটওয়্যার হালনাগাদ রাখা ও পুরোনো সরঞ্জাম বদলে ফেলার পরামর্শ তারা দীর্ঘদিন ধরেই দিয়ে আসছে।
প্রেক্ষাপট
এর আগে গত ৯ আগস্ট সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্ল্যারটি ড্যানফসের কিছু ব্যবস্থার নিরাপত্তা দুর্বলতা নিয়ে একটি গবেষণা প্রকাশ করে। সেখানে বলা হয়েছিল, ওই দুর্বলতা কাজে লাগিয়ে হামলাকারীরা পরিচয় যাচাইয়ের ধাপ এড়িয়ে যেতে পারে।
ফ্রান্সের খুচরা বিক্রেতাদের সংগঠন এফসিডি এ বিষয়ে ড্যানফসের কাছে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানায়, আক্রান্ত কিছু দোকানে ইতোমধ্যে কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
ফ্রান্সের বাইরেও প্রভাব
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেকোয়া থ্রেট ডিটেকশন অ্যান্ড রিসার্চের জ্যেষ্ঠ বিশ্লেষক ফেলিক্স এইমে রয়টার্সকে বলেছেন, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামও এই হামলায় আক্রান্ত হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশ্লেষক স্টিভেন লাচ্যান্স আল জাজিরাকে বলেন, এমন হামলা একেবারে নজিরবিহীন নয়, তবে এত বড় পরিসরে ঘটা বিরল। ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রে নিরাপত্তা দুর্বলতা থাকলে হামলাকারীরা দূর থেকেই সেগুলোতে ঢুকে বিভিন্ন কার্যক্রম চালু করে দিতে পারে। তাঁর মতে, ইন্টারনেটে যুক্ত অবকাঠামোও যে সাইবার হামলার শিকার হতে পারে, এ ঘটনা বিশ্বের জন্য তার একটি সতর্কবার্তা। এ ধরনের হামলা ঠেকাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। না হলে ভবিষ্যতে জ্বালানি অবকাঠামো কিংবা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন এই বিশ্লেষক।
সূত্র: আল জাজিরা, রয়টার্স, এএফপি
আন্তর্জাতিক ডেস্ক : 



















