নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও লুসি হ্যামিল্টনকে ছাড়াই বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে হতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা।
সূচি অনুযায়ী, ৯ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকেরা। সেখানেও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। প্রায় একই স্কোয়াড নিয়েই দুই প্রতিপক্ষের আতিথেয়তা করবে অস্ট্রেলিয়া।
দল ঘোষণার সময় জানানো হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মলিনেক্স ও হ্যামিল্টন দুজনেরই ফিট হয়ে ওঠার প্রত্যাশা করছে অস্ট্রেলিয়া। অনুশীলনের সময় ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছেন বাঁ-হাতি বোলার হ্যামিল্টন। নারী জাতীয় দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজের আগেই তাঁর সেরে ওঠার আশা করা হচ্ছে।
পিঠের ইনজুরির কারণে দুটি সিরিজেই খেলতে পারছেন না ডারসি ব্রাউন। ফ্লেগলারের ভাষ্য অনুযায়ী, কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। তবে অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের কোনো এক পর্যায়ে তাঁর মাঠে ফেরার আশা রয়েছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিস এবার স্কোয়াডে জায়গা পাননি।
দলের সংখ্যা নিয়েও কথা বলেছেন নির্বাচক। তাঁর ভাষ্য, ঘরোয়া নারী জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোর পর দলে আরও একজন খেলোয়াড় যুক্ত হতে পারে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যালান বর্ডার ফিল্ডে ছয় দিনের মধ্যে অনুষ্ঠেয় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হাতে আছেন মাত্র ১২ জন খেলোয়াড়।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড
নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসে পেরি, মেগ শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।
ক্রীড়া প্রতিবেদক 



















