আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তাঁর নতুন চুক্তি নিয়ে আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি প্রতিবেদন।
স্কালোনির সঙ্গে এএফএ-এর বিদ্যমান চুক্তির মেয়াদ ফুরাতে বাকি আছে মাত্র তিন মাস। নতুন চুক্তি নিয়ে কথাবার্তা শুরু হলেও বেশ কিছু বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় আলোচনা থমকে গেছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে চুক্তি শেষ হওয়ার পর ৪৮ বছর বয়সী এই কোচ আর্জেন্টিনার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
একসময় দীর্ঘ ট্রফি খরায় ভুগছিল আর্জেন্টিনা জাতীয় দল। সমালোচকদের তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দলটিকে। ঠিক তখনই দলের হাল ধরেন লিওনেল স্কালোনি, আর তারপর থেকেই বদলাতে শুরু করে আলবিসেলেস্তেদের ফুটবল-চিত্র।
২০১৮ সালে হোর্হে সাম্পাওলি বিদায় নেওয়ার পর প্রথমে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান স্কালোনি। পরবর্তীতে স্থায়ীভাবে দায়িত্ব পাওয়ার পর ধীরে ধীরে দলের গঠন ও কৌশলে পরিবর্তন আনতে শুরু করেন তিনি। তাঁর অধীনেই ফিরে আসে সাফল্যের ধারা।
২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২২ সালে জেতে ফিনালিসিমার শিরোপা এবং একই বছর দীর্ঘ ২৮ বছর পর আসে বিশ্বকাপ জয়ের সেই কাঙ্ক্ষিত স্বাদ। এরপর ২০২৪ সালে আরও একবার কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় দলটি। সব মিলিয়ে স্কালোনির অধ্যায়টি আর্জেন্টিনার জন্য সাফল্যে মোড়া এক সময় হয়ে উঠেছে।
তবে এত সাফল্যের পরও এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছেন এই কোচ। এএফএর সঙ্গে চুক্তি নিয়ে টানাপোড়েনের সমাধান কোন দিকে গড়ায়, তার ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ।
চলমান বার্তা ডেস্ক : 



















