ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে নগরীর মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ছয়দানা মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিলে দুই দিকেই যানবাহন চলাচল থেমে যায়।
খবর পেয়ে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি পোশাক কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে বাকি কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা চলছে। শিল্পাঞ্চল ও মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।
শিরোনাম :
মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৩৯ কারখানা
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ১২:৩৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- 11
জনপ্রিয় সংবাদ





















